Sunday, November 15, 2026 Khulna, Bangladesh
22°C Mainly clear
Latest
Crime

যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ

যশোর শহরের সরকারি তিনটি স্থাপনায় বোমা হামলার ঘটনা ঘটেছে। শহরের মুজিব সড়কের সহকারী জজ আদালত ও প্যারিস রোড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার […]

Read on Khulna Gazette Link copied
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ
Photo: Khulna Gazette

যশোর শহরের সরকারি তিনটি স্থাপনায় বোমা হামলার ঘটনা ঘটেছে। শহরের মুজিব সড়কের সহকারী জজ আদালত ও প্যারিস রোড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে আদালতপাড়াসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, এদিন রাতে পরপর তিনটি বিকট শব্দ শুনে তারা বাইরে এসে ধোঁয়া দেখতে পান। এ সময় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। এসময় অনেকের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, প্রেসক্লাব যশোরের সামনে সহকারী জজ আদালতের দেয়ালে দুটি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং অপরাধীদের আটকে অভিযান চালাচ্ছে। তবে তারা এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি।

এদিকে, ককটেলের বিস্ফোরণ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এখানে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশকে নস্যাৎ করতে লুকিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। বিদেশে পালিয়ে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার গুন্ডা বাহিনী দিয়ে বোমা ফাটিয়ে যশোরের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। রাজনৈতিকভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ প্রশাসনের উদ্দেশ্য বলেন অবিলম্বে সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original