অনলাইন ডেস্ক: ২০২৭ সালের হজে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীরা ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নিজেদের হজ এজেন্সি পরিবর্তনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে একজন হজযাত্রী সর্বোচ্চ একবার এজেন্সি পরিবর্তন করতে পারবেন।
রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। তবে হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া এজেন্সি পরিবর্তন কিংবা একাধিকবার স্থানান্তরের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্ষেত্রে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। নির্ধারিত শর্ত অনুসরণ করে ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে এজেন্সি পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এদিকে, মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়তি কোটা এবং সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে নিবন্ধন কার্যক্রম আগেই বন্ধ করে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
The post ২০২৭ সালের হজে এজেন্সি পরিবর্তনের সুযোগ শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.