২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে বসেছিল কোপা আমেরিকার আসর। চার বছর পর আবারও দেশটিতে ফিরছে দক্ষিণ আমেরিকার সেরা দলগুলোর এই টুর্নামেন্ট। ২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
কোপা সুদামেরিকানার ফাইনালের আগে কনমেবলের সদস্য দেশগুলোর ফুটবল ফেডারেশনপ্রধানেরা নিয়মিত কাউন্সিল সভায় অংশ নেন। টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ওই সভায় সদস্য ফেডারেশনগুলোর প্রতিনিধিদের জানানো হয়েছে, পরবর্তী কোপা আমেরিকাও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।
কনমেবল সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস জানিয়েছেন, ২০১৬ ও ২০২৪ সালের মতো ২০২৮ সালেও যুক্তরাষ্ট্রে ফিরবে কোপা আমেরিকার ৪৯তম আসর। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সবকিছু ঠিক থাকলে চার বছরের ব্যবধানে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির আয়োজক হবে দেশটি।
যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের কোপা আমেরিকা অনুষ্ঠিত হলে চার বছরের মধ্যে দেশটিতে তিনটি বড় ফুটবল আয়োজন হবে। এরই মধ্যে ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপ এবং ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে বিশেষ আসর ‘কোপা আমেরিকা সেন্টেনারিও’। এরপর ২০২৪ সালের আসরও বসেছিল দেশটিতে।
যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৪ সালের কোপা আমেরিকায় শিরোপা ধরে রেখেছিল আর্জেন্টিনা। ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির দল। লাওতারো মার্তিনেজ করেছিলেন জয়সূচক গোল।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.