পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, “একবার যারা পালিয়ে যায়, তারা আর কখনো জনগণের মাঝে আসতে পারে না। বিএনপি কখনো পালিয়ে যায়নি; ১৭ বছর শত নির্যাতন ও গুম-খুন উপেক্ষা করে আমরা মাঠে ছিলাম। অথচ তারা গোপনে বিমান ও হেলিকপ্টারযোগে ভারতে পালিয়ে গিয়ে এখন নতুন করে নাশকতার স্বপ্ন দেখছে।”
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর ও উপজেলা বিএনপি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, “৫ আগস্টের পর থেকে রামপাল-মোংলাসহ দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছিল। কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ আবারও নাশকতার পথ বেছে নিয়েছে। তারা গোপালগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভেবেছিল বিএনপি তাদের পাতা ফাঁদে পা দেবে। কিন্তু বিএনপি কোনো রক্তপাত চায় না বলেই উসকানির মুখেও সাংঘর্ষিক পরিস্থিতিতে যায়নি। ফ্যাসিস্টের দোসরেরাই বারবার লাশের রাজনীতি করছে।”
এলাকা থেকে যারা গোপালগঞ্জের নাশকতায় অংশ নিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে শেখ ফরিদুল ইসলাম হুঁশিয়ারি দেন, “তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি বিএনপির কেউ যদি তাদের সহযোগিতা করে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিপূর্বে যারা ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে রাজনীতি করেছে, সেই সুবিধাবাদী ও দালালদের আর প্রশ্রয় দেওয়া হবে না। রাজনীতি করতে হলে আইনের মাধ্যমে বৈধতা নিয়েই করতে হবে।”
নিজেকে জনবান্ধব ও মানুষের খাদেম উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি পেট ভরার রাজনীতি করি না, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি।”
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পুরো পৌর শহর প্রদক্ষিণ করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থকেরা মিছিল ও সমাবেশে অংশ নেন।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.