Saturday, November 21, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Kushtia

আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকার পারছে না, জামায়াত নেতা গোলাম পরওয়ারের অভিযোগ

অনলাইন ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সহিংসতা মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিত...

Read on Kushtia Protidin Link copied
আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকার পারছে না, জামায়াত নেতা গোলাম পরওয়ারের অভিযোগ
Photo: Kushtia Protidin

অনলাইন ডেস্ক:   দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সহিংসতা মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এমনকি সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ, গাছপালা কাটা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হাসপাতালে ভাঙচুরের মতো কর্মকাণ্ড চালাচ্ছেন। বিরোধী দলের নেতাকর্মীরাও তাঁদের হামলা থেকে রেহাই পাচ্ছেন না বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, দুটি থানায় আগুন দেওয়ার ঘটনায় সেখানকার কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে গেছেন।

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, দলটির শাসনামলে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধ। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং সাঈদীর রায়ের পর সহিংসতাসহ বিভিন্ন ঘটনার অভিযোগও তুলে ধরেন তিনি। এ ছাড়া অন্যায়ভাবে ফাঁসি, ক্রসফায়ার ও নির্যাতনের অভিযোগ করেন।

গোলাম পরওয়ার বলেন, গাড়ি পোড়ানো, বাড়িঘরে আগুন দেওয়া কিংবা মানুষ হত্যা করে জনগণের সহানুভূতি অর্জন সম্ভব নয়। রাজপথে অস্ত্রসদৃশ দেশীয় সরঞ্জাম নিয়ে অবস্থান এবং সহিংস কর্মকাণ্ডকে তিনি জঙ্গিবাদের সঙ্গে তুলনা করেন। একই সঙ্গে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় আসার পরও সরকার সন্ত্রাস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার সন্ত্রাসও নিয়ন্ত্রণ করতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলেও মত দেন জামায়াতের এই নেতা।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে গোলাম পরওয়ার দাবি করেন, রাজশাহীতে বিএনপি নেতাদের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছেন। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মী সভা-সমাবেশে বক্তব্যের শেষে ভুল করে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

সচিবালয়, বিচার বিভাগ, সাংবিধানিক পদ, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন বলে দাবি করেন গোলাম পরওয়ার। মন্ত্রিসভায়ও আধিপত্যবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে—এমন ব্যক্তিরা রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। ভারতের সংবাদমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর অতীত অবস্থান ও গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ নিয়ে প্রকাশিত খবরের বিষয়েও প্রধানমন্ত্রীকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

তবে সরকারকে ব্যর্থ দেখতে চান না জানিয়ে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী সরকারকে পদত্যাগের আহ্বান জানায়নি। বরং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী শক্তির মধ্যে ঐক্য দেখতে চায় দলটি।

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে যে ঐক্য গড়ে উঠেছিল, তার ভিত্তি ছিল বিদ্যমান রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে নতুন কাঠামো প্রতিষ্ঠার প্রত্যাশা। জুলাই সনদ সেই ঐক্যের মূলমন্ত্র হলেও সরকার তা অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেন তিনি।

The post আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকার পারছে না, জামায়াত নেতা গোলাম পরওয়ারের অভিযোগ appeared first on কুষ্টিয়া প্রতিদিন.

Original report

Continue reading at Kushtia Protidin

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original