অনলাইন ডেস্ক: বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অন্তত দুটি ট্যাঙ্কারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) হামলার তথ্য জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একটি ট্যাঙ্কারের পেছনের অংশে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। ইউকেএমটিও শনিবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে।
এরপর খাসাব উপকূল থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল পূর্বে আরেকটি ট্যাঙ্কারের ইঞ্জিনকক্ষে একই ধরনের প্রজেক্টাইল আঘাত হানার খবর জানায় সংস্থাটি। তবে দুটি ঘটনায় আলাদা দুটি জাহাজ আক্রান্ত হয়েছে, নাকি একই জাহাজের কথা বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট করেনি ইউকেএমটিও।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার ফলে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি বা সংকট তৈরি হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার খাসাব উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে একই ধরনের হামলার ঘটনা ঘটে। ওই হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইউকেএমটিও।
ওমানের মুসান্দাম উপদ্বীপে অবস্থিত খাসাব হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছেই অবস্থিত। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরানের পক্ষ থেকে জলপথটি বন্ধের পদক্ষেপ নেওয়া হলে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হতে থাকে।
সূত্র: এএফপি।
The post হরমুজ প্রণালিতে পরপর দুই ট্যাঙ্কারে অজ্ঞাত হামলা, হতাহতের খবর নেই appeared first on কুষ্টিয়া প্রতিদিন.
Continue reading at Kushtia Protidin
This story was collected by Khulna Info and links back to the original publisher.