Wednesday, November 11, 2026 Khulna, Bangladesh
31°C Partly cloudy
Latest
Crime

বিষাক্ত জালে বন্দি সুন্দরবনের জলজ প্রাণ: ১০ মাসে ৪০৩ মামলা, গ্রেপ্তার ৩৯৪

কয়রা : বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য এখন এক নতুন হুমকির মুখে। নদী ও খালে কীটনাশক ছড়িয়ে মাছ ধরার অশুভ প্রবণতা কেবল মাছের সংখ্যাই কমাচ্ছে না, বরং ধ্বংস করছে পুরো জলজ খাদ্যশৃঙ্খল এবং জলজ প্রাণীদের স্বাভাবিক জীবনচক্র। বন বিভাগের সর্বশেষ তথ্...

Read on Dainik Khulna 24 Link copied
বিষাক্ত জালে বন্দি সুন্দরবনের জলজ প্রাণ: ১০ মাসে ৪০৩ মামলা, গ্রেপ্তার ৩৯৪
Photo: Dainik Khulna 24

কয়রা : 

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য এখন এক নতুন হুমকির মুখে। নদী ও খালে কীটনাশক ছড়িয়ে মাছ ধরার অশুভ প্রবণতা কেবল মাছের সংখ্যাই কমাচ্ছে না, বরং ধ্বংস করছে পুরো জলজ খাদ্যশৃঙ্খল এবং জলজ প্রাণীদের স্বাভাবিক জীবনচক্র।

বন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে মোট ৪০৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ৩৯৪ জন অপরাধী। অভিযানে জব্দ করা হয়েছে ২ হাজার ৮৯২ মিটার হরিণ ধরার ফাঁদ, ৫২২ কেজি হরিণের মাংস, ২৯টি ট্রলার, ৪০৫টি নৌকা এবং ৪ হাজার ১৪২ কেজি অবৈধ কাঁকড়া। এছাড়া মাছ ধরার জন্য ব্যবহৃত ১৮৮ বোতল অবৈধ কীটনাশক ও ১ হাজার ২৭৩ কেজি মধু জব্দ করা হয়েছে।

বিষ প্রয়োগ ও বিপন্ন বাস্তুতন্ত্র সুন্দরবনের বিভিন্ন নদী-খালে অসাধু চক্র ‘রিপকর্ড’-সহ বিভিন্ন নামহীন কীটনাশক ব্যবহার করে চিংড়ি ও মাছ শিকার করছে। ছিচখালি, কেওড়াসুতি, হংসরাজ, দুধমুখ, পশুর নদী ও আন্দারমানিকের মতো এলাকাগুলো এখন এই বিষাক্ত শিকারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় জেলে আঃ সালাম জানান, বিষ প্রয়োগের ফলে মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, যা প্রকৃত জেলেদের জীবিকার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির সতর্ক করে বলেন, বিষাক্ত পদার্থ পানিতে মিশলে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়। এমনকি এই দূষিত মাছ মানুষের খাদ্যতালিকায় প্রবেশ করলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তবে এর প্রকৃত প্রভাব জানতে বৈজ্ঞানিক পরীক্ষার প্রয়োজন।

নজরদারিতে বন বিভাগ ও বিশেষ তালিকা বন অপরাধ দমনে সুন্দরবন পশ্চিম বিভাগ ১৩৫ জন অপরাধীর একটি বিশেষ তালিকা তৈরি করেছে, যাদের কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. সাজমিনুল ইসলাম জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় হরিণ শিকার ও বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম জানান, দুর্গম বনের প্রতিকূলতা উপেক্ষা করে বনরক্ষীরা পায়ে হেঁটে ও নদীপথে টহল দিচ্ছেন। অপরাধী শনাক্ত করতে ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে অপরাধীদের গ্রেপ্তারের সময় বনকর্মীদের ওপর সঙ্ঘবদ্ধ হামলার ঝুঁকি রয়ে গেছে।

জনবল সংকট ও চ্যালেঞ্জ বন বিভাগের কর্মকর্তাদের মতে, বিশাল আয়তনের সুন্দরবন সুরক্ষায় বর্তমান জনবল অপর্যাপ্ত। আধুনিক জলযান ও সরঞ্জামের অভাবের কারণে টহল কার্যক্রমে সীমাবদ্ধতা রয়েছে। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, বনকর্মীদের সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানো গেলে বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা করা আরও সহজ হবে।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original