Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Khulna

হামের উপসর্গে গেল ৯ প্রাণ, নতুন আক্রান্ত ১৩৫১

যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে, চট্টগ্রাম বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন।

Read on Prothom Alo Link copied
হামের উপসর্গে গেল ৯ প্রাণ, নতুন আক্রান্ত ১৩৫১
Photo: Prothom Alo

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত) দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫১ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ২৮৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৬৮ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৯ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে, চট্টগ্রাম বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। অর্থাৎ ওই ৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে। তাঁদের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে হাম বলে উল্লেখ করা হয়নি।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫২৬ জন এবং নিশ্চিত হাম নিয়ে ৪৩ জন শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে উপসর্গ নিয়ে ১৬৭ জন ও নিশ্চিত হাম নিয়ে ২৫ জন শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা যথাক্রমে ১৮৩ ও ১। এ ছাড়া বরিশাল বিভাগে উপসর্গ নিয়ে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুরে ৩৩ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩০০ জনের। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৫৬ এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২০৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৩৯ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে; ১৬ হাজার ২৯৮। চট্টগ্রাম বিভাগে ৩ হাজার ৮৫৬ এবং সিলেট বিভাগে ১ হাজার ৮২০ জনের হাম শনাক্ত হয়েছে।

Original report

Continue reading at Prothom Alo

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original