মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
গড়াই নদীর পাড়ে দাঁড়ালে এখন কেবলই নদী ভাঙন আর নদী পাড়ের মানুষের দীর্ঘশ্বাস শোনা যায়। মাগুরার শ্রীপুর উপজেলার নদীপাড়ের মানুষগুলোর প্রতিটি রাত কাটে আতঙ্কে এই বুঝি প্রমত্তা গড়াইয়ের গ্রাসে তলিয়ে গেল বাপ-দাদার শেষ ভিটেমাটিটুকু। ভাঙন ঠেকাতে সরকারি উদ্যোগে জিও ব্যাগ ফেলা হলেও স্থানীয়দের কাছে তা যেন কেবলই ‘অর্থের অপচয়’। অস্থায়ী এই ব্যবস্থার বদলে নদীপাড়ে স্থায়ী কংক্রিটের ব্লক বসিয়ে জনপদ রক্ষার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
উপজেলার গঙ্গারামখালী, আমলসার, বদনপুর, মাঝাইল, নাকোল, কমলাপুর, কোদলা, ও ঘসিয়ালসহ বিভিন্ন এলাকায় বর্তমানে গড়াই নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙন রোধে এসব এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। কিন্তু নদীর তীব্র স্রোত আর ঘূর্ণাবর্তের কাছে বালুভর্তি এই বস্তাগুলো কতটা টিকবে, তা নিয়ে চরম সন্দিহান এলাকাবাসী। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়াই পাড়ে বসবাস করা এই মানুষগুলো কোনো ত্রাণ চান না, চান মাথা গোঁজার ঠাঁইটুকু নিরাপদ রাখতে। শ্রীপুরবাসীর এখন একটাই প্রাণের দাবি জিও ব্যাগের অস্থায়ী প্রলেপ নয়, দ্রুত গড়াই নদীর তীরে স্থায়ী ব্লক বসিয়ে তাদের ভিটেমাটি ও জনপদ রক্ষা করা হোক।

গঙ্গারামখালী গ্রামের বাসিন্দা ভবানী বিশ্বাস আক্ষেপ করে বলেন, “সরকার এত টাকা খরচ করে নদীতে জিও ব্যাগ ফেলছে, কিন্তু আমাদের কোনো উপকারেই আসছে না। নদীর প্রবল স্রোতে এসব ব্যাগ টিকছে না, চোখের সামনেই সব তলিয়ে যাচ্ছে।”
একই গ্রামের পলাশ বিশ্বাস বলেন, “প্রতি বছর অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে। এতে সাময়িক কাজ হলেও ভাঙন থামছে না। আমরা চাই, এই টাকায় নদীপাড়ে স্থায়ীভাবে ব্লক বসানো হোক, যাতে আমাদের বাপ-দাদার ভিটেমাটি রক্ষা পায়। বাপ-দাদার এ ভিটে ছাড়া কোথায়ও মাথা গোঁজার ঠাঁই নেয় আমাদের।
ভাঙন আতঙ্কে দিন কাটানো সুনাব মণ্ডল জানান, জিও ব্যাগ দিয়ে গড়াই নদীর স্রোত ঠেকানো সম্ভব নয়। স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ না করলে অচিরেই আমাদের ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে ।”
নদীপাড়ের বাসিন্দাদের ভাষ্যমতে, বিগত বছরগুলোতেও ভাঙন ঠেকাতে এভাবে জিও ব্যাগ ফেলা হয়েছিল। কিন্তু বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোতে সেই ব্যাগগুলো ভেসে যাওয়ায় প্রতি বছর নতুন নতুন ফসলি জমি, বসতভিটা ও গ্রামীণ রাস্তাঘাট গড়াইয়ের গর্ভে হারিয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সন্তোষ কর্মকার বলেন, “জরুরি ভিত্তিতে ভাঙন নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে গঙ্গারামখালী, আমলসার, বদনপুর ও ঘসিয়াল এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। এছাড়া এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে গড়াই নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের বিষয়টিও আমাদের পরিকল্পনায় রয়েছে।”
Original report
Open original
Continue reading at Magura News
This story was collected by Khulna Info and links back to the original publisher.