
জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের নেতৃত্ব, অর্থায়ন, নীতিনির্ধারণে অংশগ্রহণ এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা নিশ্চিত করতে আট দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের তরুণ জলবায়ুকর্মী ও যুব প্রতিনিধিরা। তাদের মতে, তরুণদের শুধু আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেয়ার সুযোগ দিলেই চলবে না, জলবায়ু পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রতিটি ধাপে সম্পৃক্ত করতে হবে।
তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনের ভেন্যুর মিটিং রুম-১৫-তে আয়োজিত এক আন্তর্জাতিক গোলটেবিল বৈঠকে এসব দাবি তুলে ধরেন তারা। গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি (জিপিওয়াইডিএস) ও তরঙ্গ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত বৈঠকের শিরোনাম ছিল ‘প্রতিশ্রুতির ঊর্ধ্বে: তরুণদের নেতৃত্বে জলবায়ু কার্যক্রম ও বৈশ্বিক জবাবদিহি, জলবায়ু অঙ্গীকার থেকে বাস্তবায়নের পথে বৈশ্বিক যুব গোলটেবিল’।
এতে চার দেশের তরুণ জলবায়ুকর্মী, যুব সংগঠক ও প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় তারা নিজ নিজ দেশের জলবায়ু সংকট, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে সভাপতিত্ব করেন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খায়রুল ইসলাম মুন্না। সঞ্চালনা করেন তরঙ্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জৈতা বিশ্বাস।
বাংলাদেশের ফুটস্টেপসের প্রতিষ্ঠাতা শাহ রাফায়েত চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের মানুষের জন্য প্রতিদিনের সংকট হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়ছে মানুষের জীবন ও জীবিকার ওপর। তরুণরা ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন নিয়ে কাজ করছেন। তাই তাদের কেবল আলোচনা বা মতবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বেও যুক্ত করা প্রয়োজন।
ভারতের যুব প্রতিনিধি রিজ্জুল মাদান বলেন, জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের অভিজ্ঞতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় উন্নয়নশীল দেশগুলোর তরুণদের সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা জরুরি।
নেপালের প্রতিনিধি স্নেহা উপ্রেতি জলবায়ু অভিযোজন পরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা জোরদারের পাশাপাশি তরুণদের নেতৃত্বে পরিচালিত উদ্যোগগুলোর জন্য দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন।
পাকিস্তানের যুব প্রতিনিধি মো আলী বলেন, তরুণদের শুধু সচেতনতামূলক কার্যক্রমে সীমাবদ্ধ রাখলে চলবে না। পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে তাদের সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের তরুণদের মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
তরুণদের ৮ দফা দাবি
গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বিশ্বনেতা, সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আটটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-
- সরাসরি জলবায়ু অর্থায়ন: তরুণদের নেতৃত্বে পরিচালিত জলবায়ু উদ্যোগের জন্য সহজলভ্য অনুদান ও অর্থায়ন নিশ্চিত করা।
- নীতিনির্ধারণে অংশগ্রহণ: জাতীয় জলবায়ু নীতি, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করা।
- স্থানীয় অভিযোজন: উপকূলীয়, পাহাড়ি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত জলবায়ু অভিযোজন কার্যক্রমে সহায়তা বাড়ানো।
- ক্ষয়ক্ষতি মোকাবিলা: জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিত করা।
- জলবায়ু শিক্ষা ও কর্মসংস্থান: তরুণদের জন্য জলবায়ুবিষয়ক শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং সবুজ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করা।
- ন্যায়সংগত জ্বালানি রূপান্তর: জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে ন্যায়সংগত উত্তরণ নিশ্চিত করা।
- স্বচ্ছতা ও জবাবদিহি: জলবায়ু প্রতিশ্রুতি, অর্থায়ন এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে তরুণদের যুক্ত করা।
- আন্তর্জাতিক অংশগ্রহণ: ভিসা, যাতায়াত ও অর্থায়নসংক্রান্ত বাধা দূর করে উন্নয়নশীল দেশগুলোর তরুণদের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা।
আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব
বৈঠকে প্রতিনিধিরা বলেন, জলবায়ু সংকট কোনো একটি দেশের একক সমস্যা নয়। এ সংকট মোকাবিলায় এশিয়ার বিভিন্ন দেশের তরুণদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, যৌথ উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও দাবিগুলো আন্তর্জাতিক নীতিনির্ধারণী আলোচনায় যথাযথ গুরুত্ব পাওয়া উচিত।
সভাপতির বক্তব্যে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খায়রুল ইসলাম মুন্না বলেন, জলবায়ু সংকটের সম্মুখসারিতে থাকা জনগোষ্ঠীর অভিজ্ঞতা আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরা এবং তরুণদের উদ্যোগকে বাস্তব সমাধানে রূপ দেয়া জরুরি। এ জন্য প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি, দক্ষতা ও নীতিগত সহায়তা নিশ্চিত করতে হবে।
তিনি বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তরুণদের শুধু প্রতিশ্রুতি দেয়া নয়, বরং বাস্তব দায়িত্ব, প্রয়োজনীয় সম্পদ এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল অংশগ্রহণকারী দেশগুলোর তরুণদের মতামতের ভিত্তিতে একটি যৌথ জলবায়ু ঘোষণা প্রণয়ন। এতে জলবায়ু ন্যায়বিচার, তরুণদের নেতৃত্বে উদ্যোগ, সরাসরি অর্থায়ন, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে সম্মিলিত অবস্থান তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, এ আয়োজনের উদ্দেশ্য শুধু আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা সীমাবদ্ধ রাখা নয়; বরং বিভিন্ন দেশের তরুণদের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ের জলবায়ু উদ্যোগগুলোকে বৈশ্বিক নীতিনির্ধারণী আলোচনার সঙ্গে যুক্ত করা।
বৈঠক থেকে বিশ্বনেতাদের প্রতি জলবায়ু সম্মেলনে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
তরুণ প্রতিনিধিদের সম্মিলিত বার্তা ছিল, ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই; প্রতীকী অংশগ্রহণ নয়, জলবায়ু সমাধানে কার্যকর নেতৃত্ব চাই।’
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.