
কুয়েট, খুলনা:
উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (China National Machinery Import & Export Corporation-CMC)-এর সঙ্গে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে চীনা প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল কুয়েট ক্যাম্পাস পরিদর্শন করে।
আলোচনায় কুয়েট ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা স্থাপন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং বিভিন্ন ক্ষেত্রে গবেষণা অনুদান প্রদানের বিষয় গুরুত্ব পায়। কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনায় উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মোঃ সাবিরুল আলম, নেট বাংলা সোলারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ বি এম রেজা ইসলাম এবং কুয়েটের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার জি এম মাহফুজুর রহমান।
আলোচনায় কুয়েট ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা স্থাপনের একটি পরিকল্পনা তুলে ধরা হয়। প্রস্তাবিত এ প্রকল্পের আওতায় ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ উৎপাদন প্যানেল স্থাপন করা হবে এবং এর মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি জাতীয় বিদ্যুৎ উৎপাদনে কুয়েটের অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে এটি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে। এছাড়া কুয়েটের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন খাতে গবেষণা অনুদান প্রদানের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির উদ্ভাবন এবং বিদ্যমান ব্যবস্থার উন্নয়নে এ অনুদান ব্যবহারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। এসব ক্ষেত্রে গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারিত হলে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হয়।
আলোচনায় সংশ্লিষ্ট পক্ষসমূহ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে কুয়েটের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের জ্বালানি, পরিবেশ ও অবকাঠামো উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.