ভয়ঙ্কর হয়ে ওঠা গ্রিভসকে বোল্ড করে স্বস্তি ফেরালেন মিরাজ
হাসান মাহমুদের পর এবার ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানলেন মেহেদী হাসান মিরাজ। অর্ধশতক করা জাস্টিন গ্রিভসকে বোল্ড করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। চলতি টেস্টে স্পিনারদের মধ্যে এটিই প্রথম উইকেট।
৯১তম ওভারের প্রথম বলে তাইজুল ইসলামের জায়গায় বোলিংয়ে আসেন মিরাজ। অফ স্টাম্পের বাইরে পিচ করা বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে যান গ্রিভস। তবে প্রত্যাশামতো বল ঘুরে না আসায় ব্যাটের বাইরের পাশ দিয়ে গিয়ে সরাসরি অফ স্টাম্পে আঘাত করে। ১১২ বলে ৪ চারে ৫১ রান করে সাজঘরে ফেরেন গ্রিভস।
৯২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩০৩ রান। ক্রিজে আছেন শামার জোসেফ ও জোমেল ওয়ারিক্যান। শেষ দুই উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্য বাংলাদেশের।
লিটনের দুর্দান্ত স্টাম্পিংয়ে বিশপকে ফিরিয়ে হাসানের ফাইফার
রাওয়ালপিন্ডি, চেন্নাই, ডারউইন ও আবু ধাবির পর এবার দেশের মাটিতেও পাঁচ উইকেটের কীর্তি গড়লেন হাসান মাহমুদ। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে প্রথম সাত ব্যাটসম্যানের পাঁচজনকেই সাজঘরে ফিরিয়েছেন ২৭ বছর বয়সী এই পেসার।
টেস্ট ক্যারিয়ারে এটি হাসানের পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকার। বাংলাদেশের পেসারদের মধ্যে এই কীর্তিতে এখন এককভাবে সবার ওপরে তিনি। এত দিন চারবার করে পাঁচ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন শাহাদাত হোসেন ও হাসান।
তবে শাহাদাতের চেয়ে অনেক কম ম্যাচ খেলেই তাকে ছাড়িয়ে গেছেন হাসান। প্রায় ১০ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩৮ ম্যাচের ৬০ ইনিংসে চারবার পাঁচ উইকেট পেয়েছিলেন শাহাদাত। আর মাত্র ১৯ ম্যাচ খেলেই পাঁচবার এই কীর্তি গড়লেন হাসান।
বাংলাদেশের হয়ে টেস্টে ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার সামগ্রিক তালিকায় অবশ্য স্পিনারদেরই আধিপত্য। ১৯ বার করে পাঁচ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। তাদের ধারেকাছেও এখনো পৌঁছাতে পারেননি দেশের পেসাররা।
ক্যারিয়ারের তৃতীয় অর্ধ-শতক তুলে নিলেন গ্রিভস
ক্যারিয়ারের ২০তম টেস্ট খেলতে নেমে তৃতীয় অর্ধশতকের দেখা পেলেন জাস্টিন গ্রিভস। ১০২ বল খেলে পঞ্চাশ ছুঁয়েছেন এই ক্যারিবীয় ব্যাটার। হাসান মাহমুদ ২৬৪ রানে পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে স্বস্তি দিলেও গ্রিভসের দৃঢ়তায় বড় সংগ্রহের পথেই এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
৮৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২৯৭ রান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জশুয়া বিশপ ২৩ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে ৫১ রান নিয়ে ব্যাট করছেন গ্রিভস।
দুই বলে দুই উইকেট, এরপর বিশপকে জীবন দিলেন হাসান
৮৬তম ওভারে জশুয়া বিশপকে ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হাসান মাহমুদ। তখন ব্যক্তিগত ৯ রানে ব্যাট করছিলেন বিশপ। অফ স্টাম্পের লাইনে ফুল লেংথের বল পেয়ে ড্রাইভ করেন তিনি। বলটি হাসানের ডান দিকে গেলে দুই হাত বাড়িয়ে ধরেও শেষ পর্যন্ত তালুবন্দি করতে পারেননি বাংলাদেশের এই পেসার। ফলে জীবন পেয়ে যান বিশপ।
হাসানের আগুনে বোলিং, দুই বলেই দুই শিকার
হ্যাটট্রিকের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত আক্ষেপে পুড়তে হলো হাসান মাহমুদকে। পরপর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তবে তার হ্যাটট্রিক বলটি সামলে দেন জশুয়া বিশপ।
রস্টন চেজকে ফিরিয়ে নিজের পরের বলেই আবার আঘাত হানেন হাসান। ভেতরে ঢোকানো দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ব্যাটের ভেতরের কানায় লেগে বল জমা পড়ে লিটন কুমার দাসের গ্লাভসে। জোরালো আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার। আউট বুঝতে পেরে রিভিউও নেননি চেইস।
হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয় উত্তেজনা। হাসানের হ্যাটট্রিক বল মোকাবিলা করতে ক্রিজে আসেন জশুয়া বিশপ। তার প্যাডে বল লাগতেই জোরালো আবেদন করেন বাংলাদেশের ফিল্ডাররা। আম্পায়ারও আঙুল তুলে দেন। তবে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন বিশপ। রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটের ভেতরের কানায় লেগেছিল। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যায়, আর হ্যাটট্রিকের স্বপ্নও অধরা থেকে যায় হাসানের।
৮৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৭৭ রান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জশুয়া বিশপ ৫ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে নিজের ২০তম টেস্ট খেলতে নামা জাস্টিন গ্রিভস ব্যাট করছেন ৪৯ রানে। ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেটের ৪টিই শিকার করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। নিজের ১৯তম টেস্ট খেলতে নেমে দুর্দান্ত বোলিংয়ে হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছেন লক্ষ্মীপুরের এই পেসার।
সেঞ্চুরিয়ান জাঙ্গুর স্টাম্প উড়িয়ে দিলেন হাসান
হাসানের দুর্দান্ত বোলিংয়ে অবশেষে থামল সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুর ইনিংস। ক্যারিয়ারের সপ্তম টেস্ট খেলতে নেমে ১৩৩ রান করে ফিরেছেন এই ক্যারিবীয় ব্যাটার।
স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান
বাউন্ডারি বাঁচাতে গিয়ে বিপত্তিতে পড়েন সাদমান ইসলাম। ৭৮তম ওভারে বল আটকাতে দৌড়ানোর সময় মাঠের ঘাসে আটকে যায় তার বাঁ পায়ের গোড়ালি। এতে গোড়ালি মচকে গেলে মাঠেই যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় তাকে। চিকিৎসা দেওয়ার সময় দুই হাতে মুখ ঢেকে ব্যথায় কাতরাচ্ছিলেন ঢাকা টেস্টের সেঞ্চুরিয়ান। পরে আর হাঁটতে না পারায় স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
৭৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২৬০ রান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া আমির জাঙ্গু অপরাজিত আছেন ১৩০ রানে। অন্য প্রান্তে নিজের ২০তম টেস্ট খেলতে নামা জাস্টিন গ্রিভস ব্যাট করছেন ৪১ রানে।
পেস ও স্পিনে বাংলাদেশের শুরু
দ্বিতীয় দিনের শুরুতেই পেস ও স্পিনের সমন্বয়ে বোলিং আক্রমণ সাজিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নতুন দিনের প্রথম ওভারটি করেছেন হাসান মাহমুদ, দিয়েছেন ১ রান। পরের ওভারে মেহেদী হাসান মিরাজ খরচ করেছেন ৫ রান। এরপর দিনের পঞ্চম ও ইনিংসের ৭৫তম ওভার করতে আসেন নাঈম হাসান। তার ওভার থেকে এসেছে ৯ রান।
৭৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২৫৫ রান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া আমির জাঙ্গু অপরাজিত আছেন ১২৫ রানে। অন্য প্রান্তে নিজের ২০তম টেস্ট খেলতে নামা জাস্টিন গ্রিভস ব্যাট করছেন ৪১ রানে।
ক্যারিবীয়দের গুটিয়ে দিতে দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ
সিলেট টেস্টে টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়রা। দ্বিতীয় দিনে বাকি ৬ উইকেট দ্রুত তুলে নেওয়ার লক্ষ্যে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ।
প্রথম দিন আলোকস্বল্পতার কারণে দুই দফায় বন্ধ হয়েছে খেলা। তবে ব্যাট হাতে দাপট দেখিয়ে দিনটি নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গুর অপরাজিত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে দলটি। সাদা পোশাকে নিজের সপ্তম টেস্ট খেলতে নেমেই দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন আমির জাঙ্গু। দ্বিতীয় দিনে ১১১ রান নিয়ে ব্যাটিং শুরু করবেন জাঙ্গু, তার সঙ্গে ক্রিজে থাকবেন ৩৫ রানে অপরাজিত নিজের ২০তম টেস্ট খেলতে নামা জাস্টিন গ্রিভস।
এর আগে প্রথম দিনের শুরুটা মোটেও ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। নবম ওভারেই মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেখান থেকে জাঙ্গু ও গ্রিভসের দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা।
প্রথম দিনের সংক্ষিপ্ত বিবরণ:
ওয়েস্ট ইন্ডিজ স্কোর: ২৩৫/৪ (৭০ ওভার) • অপরাজিত ব্যাটার: আমির জাঙ্গু ১১১* (১৭১ বল) এবং জাস্টিন গ্রেভস ৩৫* (৬২ বল)
বাংলাদেশের উইকেট শিকারি: তাসকিন আহমেদ (২ উইকেট) ও হাসান মাহমুদ (২ উইকেট)
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.