একজন ফুটবলার, অথচ তার পরিচয় শুধু মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়। গোল, শিরোপা আর রেকর্ডের বাইরেও তিনি একটি দেশের বিশ্বব্যাপী পরিচিতির বড় বিজ্ঞাপন। ক্রিশ্চিয়ানো রোনালদো তেমনই এক নাম। পর্তুগালের জার্সিতে তার ২৩ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি শুধু একটি ফুটবলযুগের অবসান নয়, দেশটির ফুটবল অঙ্গনের জন্য বড় বাণিজ্যিক চ্যালেঞ্জও। কারণ, রোনালদোকে ঘিরে গড়ে ওঠা বিপুল বিপণনমূল্য ও বৈশ্বিক জনপ্রিয়তা রাতারাতি অন্য কারও হাতে তুলে দেয়া সম্ভব নয়।
পর্তুগিজদের জন্য রোনালদো ছিলেন শুধু দলের অধিনায়ক কিংবা তারকা খেলোয়াড় নন, ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সবচেয়ে বড় আর্থিক সম্পদ। তার বিদায়ে সেই শক্তির একটি বড় অংশ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। পর্তুগালের ক্রীড়া বিপণন বিশেষজ্ঞ ড্যানিয়েল সা মনে করেন, রোনালদোর মতো বৈশ্বিক ব্র্যান্ডের বিকল্প স্বল্প সময়ে খুঁজে পাওয়া কঠিন। এমনই খবর প্রকাশ করেছে গোল ডটকম।
পর্তুগালের ইনস্টিটিউট অব মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের (আইপিএএম) পরিচালক ও ক্রীড়া বিপণন বিশেষজ্ঞ ড্যানিয়েল সা এক সাক্ষাৎকারে রোনালদোর বিদায়ের বাণিজ্যিক প্রভাব নিয়ে কথা বলেছেন। তার প্রতিষ্ঠানের ২০২৫ সালের এক গবেষণায় শুধু ‘সিআর সেভেন’ ব্র্যান্ডের বিপণনমূল্য ধরা হয়েছে ৮৫০ মিলিয়ন ইউরো। ২০২০ সালের তুলনায় যা ৩২৫ শতাংশ বেশি। ক্রীড়া সুনাম সূচকে ১০০-এর মধ্যে ৮৮ নম্বর পেয়েছেন রোনালদো। আর আয় ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবের ক্ষেত্রে পেয়েছেন পূর্ণ নম্বর।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার পর রোনালদো নিজেই হয়ে উঠেছেন একটি বৈশ্বিক যোগাযোগমাধ্যম। ফলে তার ব্যক্তিগত ব্র্যান্ডের প্রভাব শুধু ফুটবল মাঠে নয়, বিজ্ঞাপন, বিপণন ও আন্তর্জাতিক বাণিজ্যেও বিস্তৃত।
ড্যানিয়েল সা বলেছেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে পর্তুগাল জাতীয় দলের প্রচারে ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্র্যান্ডের প্রভাব অসাধারণ। স্বল্প সময়ে অন্য কোনো পর্তুগিজ খেলোয়াড়ের পক্ষে এই জায়গা নেওয়া কঠিন। পর্তুগাল শুধু একজন অসাধারণ খেলোয়াড়কে হারাচ্ছে না, হারাচ্ছে দেশটির বাণিজ্যিক ব্র্যান্ডের অন্যতম বড় আন্তর্জাতিক প্রচারককে।’
রোনালদোর বিদায়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের আয় রাতারাতি কমে যাবে, এমনটা অবশ্য মনে করেন না ড্যানিয়েল সা। তার মতে, স্পনসরদের সঙ্গে ফেডারেশনের বর্তমান চুক্তিগুলো মূলত জাতীয় দল ও প্রতিষ্ঠানটির সঙ্গে করা। কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ব্যক্তিগত স্বত্বের ওপর এসব চুক্তি নির্ভর করে না। এ ছাড়া বড় টুর্নামেন্টে পর্তুগালের নিয়মিত অংশগ্রহণ এবং দলে অন্য বিশ্বমানের তারকাদের উপস্থিতিও জাতীয় দলের বাণিজ্যিক আকর্ষণ ধরে রাখতে সহায়তা করবে।
রোনালদোর বিদায়ে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দুটি ক্ষেত্রে। জার্সি বিক্রি এবং আন্তর্জাতিক বাজারে পর্তুগাল দলের প্রতি দর্শক ও পৃষ্ঠপোষকদের আগ্রহ। বিশেষ করে রোনালদোর ৭ নম্বর জার্সি বিশ্বজুড়েই একটি পরিচিত বাণিজ্যিক পণ্য। তার নাম ও জার্সির সঙ্গে সমর্থকদের যে আবেগ জড়িয়ে আছে, তা রাতারাতি অন্য কোনো খেলোয়াড়ের মধ্যে স্থানান্তর করা সম্ভব নয়।
পর্তুগালে টিকিট বিক্রিতে অবশ্য বড় ধাক্কার আশঙ্কা তুলনামূলক কম। কারণ, জাতীয় দলের প্রতি দেশটির সমর্থকদের ভালোবাসা কোনো একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়। তবে দেশের বাইরে চিত্রটা ভিন্ন। বিদেশি দর্শকদের বড় একটি অংশের কাছে পর্তুগাল দলের আকর্ষণের অন্যতম কারণ ছিলেন রোনালদো। তার উপস্থিতি আন্তর্জাতিক বাজারে ম্যাচের চাহিদা ও বাণিজ্যিক মূল্য দুটিই বাড়িয়ে দিত।
রোনালদোর শূন্যতা পূরণে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রতি ড্যানিয়েল সা দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ। তার মতে, পর্তুগালের উচিত হবে না পরবর্তী রোনালদোকে খুঁজতে যাওয়া। কারণ, দুই দশকের বেশি সময় ধরে পারফরম্যান্স, শিরোপা, ব্যক্তিত্ব ও বিশ্বব্যাপী জনপ্রিয়তার সমন্বয়ে রোনালদো যে ব্র্যান্ড তৈরি করেছেন, তা হুবহু পুনরায় তৈরি করা সম্ভব নয়।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.