
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, উপজেলা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর এবং ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ করেন। এ সময় অতিরিক্ত দায়িত্বে থাকা কাশিয়ানী থানার এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে বিক্ষোভকারীরা উপজেলা চত্বর, থানা মাঠ, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনসহ বিভিন্ন সড়কে মিছিল করেন। পরে উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। একপর্যায়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করেন তারা। ছিঁড়ে ফেলা হয় দলীয় ব্যানার ও সাইনবোর্ড।
এ ছাড়া ঘোনাপাড়া এলাকার গ্রামীণ ব্যাংক ও বিএনপির একটি ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় অতিরিক্ত মোতায়েন করা কাশিয়ানী থানার এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এসব ঘটনার বিষয়ে কাশিয়ানী থানার কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কোনো রাজনৈতিক নেতার বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.