২০০৭ সালের ১৫ নভেম্বর। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডব কেড়ে নিয়েছিল একটি পরিবারের স্বপ্ন, সাজানো সংসার আর জীবনের স্বাভাবিক ছন্দ। সেই কালরাত্রিতে স্বামী ও বসতভিটা হারানোর পাশাপাশি মাত্র আট বছরের ছোট মেয়ে রহিমাকে হারিয়েছেন রেবা বেগম (৬৭)। কিন্তু সমাজের আর দশটি শোকের মতো এই শোকের ক্ষত শুকায়নি। বিগত ১৯ বছর ধরে বলেশ্বর নদের তীরের বেড়িবাঁধেই কেটেছে তাঁর প্রতিটি দিন ও রাত। বৃদ্ধার বিশ্বাস-একদিন তাঁর ছোট্ট পাখিটি ফিরে আসবে এবং ‘মা’ বলে জড়িয়ে ধরে তাঁর সব কষ্ট জুড়িয়ে দেবে। আর ঠিক এই একমাত্র আশাতেই তিনি ছেড়ে যাননি তাঁর চিরচেনা স্মৃতির সেই প্রান্তর।
গতকাল শুক্রবার দুপুরে শরণখোলা উপজেলার বগী গ্রামে বলেশ্বর নদের পাশের বেড়িবাঁধে একা বসে থাকা এই বৃদ্ধার সঙ্গে কথা হলে উন্মোচিত হয় এক বুকফাটা বেদনার উপাখ্যান।
একসময়ের সচ্ছল গৃহস্থ নুর ইসলাম তালুকদার ও রেবা বেগমের সংসারটি ছিল হাসিখুশিতে ভরপুর। বলেশ্বর নদ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিল তাঁদের বড় বসতবাড়ি ও কৃষিজমি। সিডরের সেই ভয়াল রাতে প্রমত্ত নদের ত্রাস থেকে বাঁচতে আশপাশের বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন তাঁদের বাড়িতে। কিন্তু রাত ৯টার দিকে হঠাৎ যখন জলোচ্ছ্বাস আছড়ে পড়ে, তখন প্রাণ বাঁচাতে সবাই ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। অন্ধকার আর প্রবল স্রোতের ঘূর্ণিপাকে পড়ে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান পরিবারের সদস্যরা।
স্রোতের তোড়ে ভাসতে ভাসতে রেবা বেগম মেঝ মেয়ে রিমা খাতুনকে নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে একটি সাইক্লোন আশ্রয় কেন্দ্রের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হন। পরবর্তীতে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা তাঁদের উদ্ধার করেন।
রেবা বেগম জানান, তাঁর তিন মেয়ের মধ্যে বড় মেয়ে রুমা খাতুনকে পরদিন সকালে একটি গাছের ডাল থেকে উদ্ধার করা হয়। তিনি বেঁচে ফিরলেও স্বামী নুর ইসলাম এবং ৮ বছরের ছোট মেয়ে রহিমা থেকে যান নিখোঁজ। ঘটনার তিন দিন পর সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় স্বামীর নিথর দেহ। কাফনের কাপড় ও লোকবলের অভাবে দীর্ঘ ছয় দিন পর সেই মরদেহটি মাটিচাপা দিতে বাধ্য হন এই অভাগা নারী। কিন্তু ছোট মেয়ে রহিমার ছোট্ট পায়ের ছাপটুকুও আর কোথাও পাওয়া যায়নি।
স্বামী হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই শুরু হয় নিখোঁজ মেয়ের অন্তহীন সন্ধান। সেই খোঁজ আর আকুল অপেক্ষার ১৯টি বছর পেরিয়ে গেছে। মধ্যবয়সি সেই নারী আজ পরিণত হয়েছেন এক শীর্ণকায়, বার্ধক্যপীড়িত বৃদ্ধায়। ইতোমধ্যে বলেশ্বরের নির্মম ভাঙনে বিলীন হয়ে গেছে তাঁদের কৃষিজমি ও বসতভিটা। চারপাশের মানুষ ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে গেলেও রেবা বেগম নদের পাড় ছাড়েননি।
বেড়িবাঁধের ওপর গড়া এক টুকরো ছোট্ট কুঁড়েঘরই এখন তাঁর একমাত্র ঠিকানা। কালবৈশাখী কিংবা উপকূলের প্রতিটি জলোচ্ছ্বাসে বারবার ভেঙে যায় তাঁর ঘর; কিন্তু নিজের জন্য নয়, তাঁর কেবল একটিই ভয়Ñ‘অন্য কোথাও চলে গেলে যদি মেয়ে ফিরে এসে আর খুঁজে না পায়?’
কান্নাভেজা কণ্ঠে রেবা বেগম বলেন, “সিডরের পর কত জনের কত বাছা ফিরা আইছে। শুধু মোর পাখিটা ফিরা আয়নাই। আশায় থাহি, একদিন ফিরা আইয়া মা বইলা ডাক দিয়া জড়ায়ে ধরবে। আমার পরানডা ঠান্ডা অইবে। কানতে কানতে চোহে আর পানি নাই। চোহেও ভালো দেখতে পাই না। শুধু চাই, মাইয়াডা ফিরা আসুক।”
নিখোঁজ রহিমার বড় বোন রুমা খাতুন (৩৭) মায়ের এই চরম একাকিত্বের কথা বলতে গিয়ে বলেন, ছোট বোন হারিয়ে যাওয়ার পর থেকেই মা এই বেড়িবাঁধের মায়া ত্যাগ করতে পারেননি। ১৯ বছরে এই চরে দুটি বেড়িবাঁধ ভেঙেছে, নদীতে বিলীন হয়েছে তাঁদের সবকিছু। অন্যত্র তাঁর নিজের বিয়ে হলেও মাকে একা ফেলে যাওয়ার সাধ্য তাঁর নেই। তাই বাধ্য হয়ে মায়ের এই দীর্ঘ অপেক্ষার প্রহরে সঙ্গী হয়ে বেড়িবাঁধেই কুঁড়েঘর বেঁধে থাকছেন তাঁরা।
১৯ বছর ধরে প্রতিদিন বাঁধে বসে থাকা রেবা বেগম আজও তাকিয়ে থাকেন নদের জলের দিকে-যদি কোনো ঢেউ বয়ে আনে তাঁর রহিমার ফেলে যাওয়া ছোট্ট পায়ের চিহ্ন, যদি শেষ বয়সে আবার শোনা যায় সেই কাক্সিক্ষত ‘মা’ ডাক।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.