Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Politics

মমতার ‘বাংলা’ প্রস্তাব থেকে সরে এল বিজেপি

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন মোড়। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের নাম ‘বাংলা’ করার উদ্যোগ নেওয়া হলেও সেই পথে আর এগোতে চাইছে না নতুন বিজেপি সরকার। বরং […]

Read on Khulna Gazette Link copied
মমতার ‘বাংলা’ প্রস্তাব থেকে সরে এল বিজেপি
Photo: Khulna Gazette

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন মোড়। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের নাম ‘বাংলা’ করার উদ্যোগ নেওয়া হলেও সেই পথে আর এগোতে চাইছে না নতুন বিজেপি সরকার। বরং বাংলা ও ইংরেজি, দুই ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব বিধানসভায় আনতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।

সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হবে। শুভেন্দু অধিকারীর এ ঘোষণার মধ্য দিয়ে রাজ্যের নাম পরিবর্তনের প্রশ্নে আগের সরকারের অবস্থান থেকে সরে এল নতুন প্রশাসন।

প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হলে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর এবং চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি দীর্ঘদিনের।

ভারতের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন বৈঠকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে রাজ্যগুলোর প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের কারণে তালিকার শেষের দিকে থাকতে হয় পশ্চিমবঙ্গকে। এতে অনেক সময় রাজ্যের প্রতিনিধিদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই যুক্তিতেই অতীতে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

১৯৯৯ সালে বামফ্রন্ট সরকারের আমলে বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব উঠেছিল। পরে ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলা ভাষায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’ নাম রাখার প্রস্তাব অনুমোদন করে। তবে কেন্দ্রীয় সরকার তিন ভাষায় তিনটি পৃথক নাম রাখার প্রস্তাবে আপত্তি জানায়। এরপর ২০১৮ সালের ২৬ জুলাই বিধানসভায় রাজ্যের নাম সব ভাষায় ‘বাংলা’ রাখার প্রস্তাব পাস হয়। কিন্তু কেন্দ্রের অনুমোদন না মেলায় সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

এবার সেই অবস্থান থেকে সরে এসে ‘পশ্চিমবঙ্গ’ নামটিকেই প্রাধান্য দিচ্ছে বিজেপি সরকার। নতুন সরকারের এই সিদ্ধান্ত শুধু নাম পরিবর্তনের প্রশ্ন নয়, রাজ্যের ঐতিহাসিক পরিচয় ও রাজনৈতিক অবস্থানের সঙ্গেও যুক্ত। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন সড়ক ও স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগও নিয়েছে বিজেপি সরকার।

কলকাতার পার্ক সার্কাস এলাকার সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ করা হয়েছে। এছাড়া লেনিন সরণি, কার্ল মার্কস সরণি, হো চি মিন সরণি এবং বিশ্ব বাংলা সরণির নাম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করছে সরকারি কমিটি। তবে এসব প্রস্তাবের সব কটির চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original