Saturday, November 21, 2026 Khulna, Bangladesh
22°C Clear sky
Latest
Sports

নাহিদকে নিয়ে মেডিকেল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি!

সেই পুরোনো ছবিটাই যেন ভেসে উঠল। নাহিদ রানা পুরোদমে দৌড়াচ্ছেন। পপিং ক্রিজে পা ফেলার পরই হাত থেকে বেরিয়ে এলো গোলা। বল পড়েই দিলো ছোবল। উপচে পড়ল উইকেট। কখনো উইকেট আঁচড়ে […]

Read on Khulna Gazette Link copied
নাহিদকে নিয়ে মেডিকেল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি!
Photo: Khulna Gazette

সেই পুরোনো ছবিটাই যেন ভেসে উঠল। নাহিদ রানা পুরোদমে দৌড়াচ্ছেন। পপিং ক্রিজে পা ফেলার পরই হাত থেকে বেরিয়ে এলো গোলা। বল পড়েই দিলো ছোবল। উপচে পড়ল উইকেট। কখনো উইকেট আঁচড়ে ফেলছেন তো কখনো বাউন্সারে ছড়াচ্ছেন মুগ্ধতা। লাগাতার শর্ট বল করে নিচ্ছিলেন নিজের পরীক্ষা! অস্ট্রেলিয়া থেকে ফেরার পর নাহিদ রানার বোলিং কেমন হবে তা নিয়ে উৎকণ্ঠা ছিল। শেষ দুদিন মিরপুরের একাডেমি মাঠে যা করলেন তাতে উবে গেল সব প্রশ্ন, উৎকণ্ঠা। উত্তর একটাই, নাহিদ রানা পুরোনো রূপেই ফিরছেন। তবে এতো সহজেই সব কিছু হচ্ছে না।

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার আগে পেসার নাহিদ রানার ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর তার শারীরিক অবস্থা ও বোলিংয়ের সক্ষমতা পর্যবেক্ষণ করছে বিসিবির মেডিকেল বিভাগ। সেখান থেকে সবুজ সংকেত পেলেই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান নির্বাচকেরা।

গত মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন নাহিদ। সেখানে তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বিভাগ আপাতত ম্যাচ খেলার আগে বোলিংয়ের ধকল নেওয়ার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে।

প্রাথমিকভাবে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, আগামী ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেন নাহিদ। কিন্তু পেসার হাসান মাহমুদের চোটে পরিস্থিতি কিছুটা বদলে গেছে। ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টে পুরোনো টেনিস এলবো সমস্যায় আবারও ভুগেছেন হাসান। ফলে দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি। যদিও হাসানের চোটের বিষয়টি সরাসরি আলোচনায় আসেনি, তবে শনিবার নির্বাচক প্যানেলের একাধিক সদস্য জানিয়েছেন, নাহিদকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মেডিকেল বিভাগের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন তারা।

নির্বাচক প্যানেলের এক সদস্য বলেন, ‘আমরা নাহিদের জন্য অপেক্ষা করছি। ওয়ানডে দল ঘোষণার আগে আরও কিছু বিষয় বিবেচনায় রয়েছে। নাহিদ খেলতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত মেডিকেল বিভাগের ওপর নির্ভর করছে। আমরা এখনো তাদের প্রতিবেদনের অপেক্ষায় আছি।’

বিসিবির মেডিকেল বিভাগের সূত্র জানিয়েছে, চলতি মাসের শেষ পর্যন্ত নাহিদকে বোলিংয়ের ধকল নেওয়ার সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ সময় বোলিং করতে গিয়ে কোনো ব্যথা কিংবা অস্বস্তি অনুভব করলে তার পুনর্বাসনপ্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে। তবে গত বৃহস্পতিবার কথায় কথায় নাহিদ জানিয়েছিলেন, ঢাকা ফেরার আগেই অস্ট্রেলিয়ায় পূর্ণ গতিতে বোলিং শুরু করেছিলেন তিনি।

এদিকে হাসান মাহমুদের চোট ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সময়ই তার কনুইয়ের পুরোনো সমস্যা আবার দেখা দিয়েছিল। এরপরও তাকে আরও তিনটি টেস্ট খেলানো হয়। ফলে নাহিদের ক্ষেত্রে মেডিকেল বিভাগের মূল্যায়ন ও সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাড়াহুড়ো করে মাঠে ফেরাতে গিয়ে যেন তার চোট আরও জটিল না হয়, সেটিও বিবেচনায় রাখতে হচ্ছে বিসিবিকে।

হাসানের অনুপস্থিতিতে পেস আক্রমণের দায়িত্ব সামলাতে হবে অন্যদের। নাহিদকে পাওয়া গেলে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই বাংলাদেশের পেস বোলিং বিভাগ বাড়তি শক্তি পাবে। তবে পুরোপুরি ফিট না হলে তাকে খেলিয়ে ঝুঁকি নিতে চাইবে না বিসিবি। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের সীমিত ওভারের দলে নাহিদ রানার অন্তর্ভুক্তি এখন নির্ভর করছে মেডিকেল বিভাগের চূড়ান্ত ছাড়পত্রের ওপর।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original