Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Crime

রোহিঙ্গা গণহত্যার রায়ে মিয়ানমার প্রেসিডেন্টের প্রতিক্রিয়া

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের কিছু নির্দেশনা মানবে না মিয়ানমার। দেশটির জান্তা সরকারের প্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং বলেছেন, গণহত্যা বিষয়ক রায়ের […]

Read on Khulna Gazette Link copied
রোহিঙ্গা গণহত্যার রায়ে মিয়ানমার প্রেসিডেন্টের প্রতিক্রিয়া
Photo: Khulna Gazette

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের কিছু নির্দেশনা মানবে না মিয়ানমার। দেশটির জান্তা সরকারের প্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং বলেছেন, গণহত্যা বিষয়ক রায়ের যে অংশগুলোকে মিয়ানমার ‘অনুপযুক্ত’ বলে মনে করে সেগুলো বাস্তবায়ন করা হবে না।

বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আর্ন্তজাতিক অপরাধ আদালতের এই রায়ের পর এটাই তার প্রথম প্রকাশ্য মন্তব্য।

গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতের এক ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে। ওই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয় এবং সাত লাখেরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন।

রায় নিয়ে প্রতিক্রিয়ায় মিন অং হ্লাইং বলেন, ‘গণহত্যা’ শব্দটি তার দেশটির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার উপযুক্ত পদক্ষেপ নেবে। তবে যেসব নির্দেশনা অনুপযুক্ত বলে বিবেচিত হবে, সেগুলো মানবে না। তবে আদালতের রায়ের ঠিক কোন কোন অংশের সঙ্গে মিয়ানমার একমত নয়, তা তিনি স্পষ্ট করেননি।

২০১৯ সালে গাম্বিয়ার করা মামলাটির কেন্দ্রে ছিল ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর ক্লিয়ারেন্স অপারেশন বা জাতিগত নির্মূল অভিযান। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বড় একটি অংশ বসবাস করত।

আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছে, ওই অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সাত লাখেরও বেশি মানুষ স্থলপথে বা সমুদ্রপথে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা কোনো না কোনোভাবে ওই অভিযানের শিকার হয়েছিলেন।

বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত আদালতের বিচারক প্যানেলে ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়। এতে ১৯৪৮ সালের গণহত্যা সনদের একাধিক ধারা লঙ্ঘনের দায়েও মিয়ানমারকে দায়ী করা হয়েছে। ওই সনদের অধীনে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়া প্রথম রাষ্ট্র মিয়ানমার।

আইসিজেআদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। ক্ষতিগ্রস্তদের আনুপাতিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। তবে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ পরে নির্ধারণ করা হবে। পাশাপাশি গণহত্যা সনদ লঙ্ঘন বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা নেই। এ ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয়।

রায়টি রোহিঙ্গা সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে স্বস্তি তৈরি করেছে। যুক্তরাজ্যসহ অনেক দেশই এই রায়কে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

এদিকে, ২০২১ সালে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক নেতা অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ঘটনার ফলে মিয়ানমার আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ে এবং দেশটির সামরিক শাসনব্যবস্থা কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে।

সূত্র: বিবিসি

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original