নিষিদ্ধ সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি কাজী তালাত হোসেন কাউটকে রাজধানীর মতিঝিল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাউটকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয় বলে জানা গেছে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাকে থানায় নিয়ে যায়।
কাজী তালাত হোসেন কাউটের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.