নগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিএমএ ভবনের সামনে সাতরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটার পর একটা ক্লিনিকে চাঁদা চাওয়া হচ্ছে। না দিলে প্রকাশ্য দিবালোকে ভাঙচুর করা হচ্ছে। এ পর্যন্ত ৬/৭টি প্রতিষ্ঠান ভাঙচুরের শিকার হয়েছে। এর বাইরে অনেক প্রতিষ্ঠান জীবননাশের ভয়ে গোপনে টাকা লেনদেন করছে। অনেক চিকিৎসক জীবননাশের ভয়ে চেম্বার বন্ধ করেছেন, তাদের পরিবারও নিরাপত্তাহীনতায় রয়েছে। ভয় দেখানো হচ্ছে – চাঁদা না দিলে তোমার বউ-বাচ্চাদের উঠিয়ে আনব। অনেকে ভয়ে প্রকাশ্যে বলতে পারছে না।
বক্তারা বলেন, বিশ্বের অন্য কোনো দেশে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা হয় না। অথচ খুলনায় একের পর এক ঘটনা ঘটছে। এ পর্যন্ত ১১ জন চিকিৎসক মোটা অঙ্কের চাঁদার ভয়ে খুলনায় আসতে পারছেন না। তারা দেশে ও দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছেন। মান-সম্মানের ভয়ে অনেকে আপস করছেন, টাকা দিচ্ছেন, কিন্তু প্রশাসনকে জানাচ্ছেন না।
মানববন্ধনে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, সাত দিনের মধ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে এবং অবস্থার উন্নতি না হলে স্মারকলিপি প্রদানসহ পূর্ণ কর্মবিরতিতে যাওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।
মানববন্ধনে বক্তৃতা করেন ড্যাব খুমেক শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ পলাশ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল, খুলনা মেডিকেলের সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবীব, ডা. শফিউল আলম ডেভিড, ডা. তাজরুল ইসলাম, ডা. শেখ কামরুল হুদা, ডা. রাশেদুজ্জামান ছোটন, ডা. মেহেদী হাসান, ডা. তাজ ইসলাম. খুমেকের সিনিয়র স্টাফ নার্স হোসনেয়ারা খাতুন, খুমেক কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান প্রমুখ।
মানববন্ধন শেষে বিএমএ খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম নেতৃবৃন্দের সাথে পরিস্থিতির উন্নতির বিষয়ে মতবিনিময় করেন।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.