মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে।
ন্যূনতম কাটা-ছেঁড়ায় আধুনিক প্রযুক্তিনির্ভর এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন স্পাইন সার্জন ডা. মাহমুদুল হাসান পলাশ। তাঁর নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।
এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি মেরুদণ্ডের জটিল রোগের চিকিৎসায় আধুনিক একটি পদ্ধতি। এতে ছোট ছিদ্রের মাধ্যমে বিশেষ ক্যামেরা ও সূক্ষ্ম অস্ত্রোপচার সরঞ্জাম ব্যবহার করে চিকিৎসা করা হয়। প্রচলিত বড় অস্ত্রোপচারের তুলনায় এ পদ্ধতিতে কাটাছেঁড়া কম হয়। ফলে অনেক ক্ষেত্রে রক্তক্ষরণ, অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা ও হাসপাতালে থাকার সময় কমে আসে। রোগীর শারীরিক অবস্থা ও রোগের ধরন অনুযায়ী দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি হয়।
সাতক্ষীরার কাটিয়ে এলাকার ৫৫ বছর বয়সী জেবুননাহারের শরীরে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। তাঁর ছেলে শিবলু জানান, মেরুদণ্ডের সমস্যা নিয়ে তাঁরা বেশ দুশ্চিন্তায় ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথাও ভাবছিলেন। কিন্তু নিজ জেলাতেই আধুনিক পদ্ধতিতে অস্ত্রোপচার হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন। এ জন্য চিকিৎসক ও তাঁর দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ডা. মাহমুদুল হাসান পলাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজে অর্থোপেডিক্স (স্পাইন সার্জন) সরকারিভাবে পদায়িত একমাত্র সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিভিন্ন পর্যায়ে অগ্রণী অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সাতক্ষীরাসহ খুলনা বিভাগের রোগীদের কাছে পরিচিতি পেয়েছেন।
ডা. মাহমুদুল হাসান পলাশ বলেন, “সাতক্ষীরাসহ খুলনা বিভাগের মানুষের জন্য মেরুদণ্ড ও অর্থোপেডিক্সের উন্নত চিকিৎসা হাতের নাগালে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। জটিল রোগের চিকিৎসার জন্য যেন মানুষকে অযথা দূরে ছুটতে না হয়, সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। দেশের মাটিতেই আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বিদেশমুখী চিকিৎসার প্রবণতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।”
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.