সকালের রান্নাবান্না শেষ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন কল্পনা মণ্ডল। হাতে থাকে থোপা, সঙ্গে থাকে জীবিকার তাগিদ। জলাশয়ের পানিতে থোপা ফেলে অপেক্ষা করেন। কিছুক্ষণ পর রশিতে টান পড়লেই বুঝতে পারেন, কাঁকড়া ধরা পড়েছে। ধীরে ধীরে থোপা তুলে জাল দিয়ে কাঁকড়া সংগ্রহ করেন তিনি। এভাবেই প্রতিদিন চলে তাঁর জীবিকার লড়াই।
খুলনার ডুমুরিয়ায় জলাশয়ে থোপা দিয়ে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করছেন কয়েকজন নারী। বুধবার দুপুরে উপজেলার শোভনা ইউনিয়নের বড়দোয়ানে বিলে দেখা যায় তাঁদের এমন কর্মব্যস্ততা। সকাল থেকে বেলা গড়িয়ে দুপুর পর্যন্ত চলে কাঁকড়া ধরার এই কাজ। কেউ থোপা ফেলছেন, কেউ আবার জাল দিয়ে কাঁকড়া তুলছেন।
কাঁকড়া ধরতে আসা কাকমারী গ্রামের কল্পনা মণ্ডল জানান, সকালে রান্নাবান্না ও খাওয়া-দাওয়া সেরে তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন কাঁকড়া ধরতে। প্রতিদিন দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত ছোট কাঁকড়া ধরতে পারেন। প্রতি কেজি কাঁকড়া ৫০ টাকা দরে বিক্রি করেন। এ আয় দিয়েই চলে তাঁর সংসার। কল্পনার মতো জোসনা সিকদারসহ এলাকার পাঁচ-সাতজন নারী কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন। বড়দোয়ানে বিল ছাড়াও কাকমারী, বলাবুনিয়া ও কুমোরঘাটার বিভিন্ন জলাশয়ে থোপা দিয়ে কাঁকড়া ধরেন তাঁরা। জলাশয়ের পানিতে থোপা ফেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। কখনো ভালো কাঁকড়া মেলে, কখনো আবার আশানুরূপ কাঁকড়া পাওয়া যায় না। তবুও সংসারের প্রয়োজনে প্রতিদিন ছুটে আসেন জলাশয়ে।
হারিয়ে যেতে বসা থোপায় উপার্জন
একসময় গ্রামবাংলার বিভিন্ন জলাশয়ে থোপা দিয়ে মাছ ও কাঁকড়া ধরার প্রচলন ছিল। জলাশয়ের পাড়ে কিংবা পানিতে ছড়িয়ে থাকত থোপা। কালের বিবর্তনে সেই দৃশ্য এখন অনেকটাই হারিয়ে গেছে। তবে ডুমুরিয়ার কিছু জলাশয়ে এখনো টিকে আছে এই প্রাচীন পদ্ধতি। আর সেই পদ্ধতিকে অবলম্বন করেই জীবিকার সন্ধান করছেন স্থানীয় নারীরা।
থোপা দিয়ে কাঁকড়া ধরার পদ্ধতিও বেশ সহজ। একটি কাঠির সঙ্গে রশি বেঁধে রশির মাথায় মাছ বা মাংস গেঁথে দেওয়া হয়। এরপর সেটি পানিতে ফেলে রাখা হয়। টোপের গন্ধে কাঁকড়া এগিয়ে এসে খাবার ধরলে রশিতে টান পড়ে। তখন ধীরে ধীরে থোপাটি পানির ওপরের দিকে তুলে আনা হয়। এরপর নেটজাল বা হ্যাচা দিয়ে কাঁকড়া সংগ্রহ করা হয়।
এভাবে ধরা কাঁকড়ার অধিকাংশই ছোট আকারের। পরিশ্রমের তুলনায় আয় সীমিত হলেও স্থানীয় নারীদের কাছে এটি বাড়তি উপার্জনের সুযোগ। নিজেদের শ্রম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাঁরা প্রতিদিন এভাবে কিছু অর্থ উপার্জন করেন। সেই অর্থ দিয়ে মেটান সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, থোপা দিয়ে কাঁকড়া ধরা গ্রামবাংলার একটি ঐতিহ্যবাহী ও পরিবেশ বান্ধব পদ্ধতি। ডুমুরিয়ার বিভিন্ন জলাশয়ে স্থানীয় নারীরা এই পদ্ধতিতে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করছেন। এটি তাদের বাড়তি আয়ের একটি উৎস।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.