ডিসেম্বরে চার টেস্টে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে নিউজিল্যান্ড। আসন্ন সিরিজটির জন্য কিউইরা দল ঘোষণা করেছে। গত জুনের পর স্কোয়াডে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা তারকা পেসার উইল ও’রুর্ক। অজিদের গতি-বাউন্সময় উইকেটে তাকে পাওয়ার প্রত্যাশা আগে থেকেই করছিল নিউজিল্যান্ড। এখন পর্যন্ত মাত্র দুটি আন্তর্জাতিক টেস্ট খেলা পেসার মাইকেল রাইকেও ডাকা হয়েছে।
অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড এবং তাদের মাটিতে এর আগে কখনোই এত দীর্ঘ কোনো সিরিজ খেলেনি। চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি হবে বক্সিং ডে-তে, মেলবোর্নে (এমসিজি) হতে যাওয়া ম্যাচটি অধিনায়ক টম ল্যাথামের ক্যারিয়ারের ১০০তম টেস্ট। তার হাতে এখন বেশ কিছু বিকল্প রয়েছে। দলে আছেন ম্যাট হেনরির নেতৃত্বে সাতজন সিম বোলার, এর মধ্যে কাইল জেমিসনের মতো দীর্ঘদেহী ও দ্রুতগতির বোলারও উল্লেখযোগ্য।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে অভিষেক হওয়ার পরে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছেন মাইকেল রাই। অস্ট্রেলিয়ায় আসন্ন গুরুত্বপূর্ণ সফরে তিনিও যাচ্ছেন। এ ছাড়া হ্যামস্ট্রিং চোট কাটিয়ে সিরিজের শেষদিকে দলে যুক্ত হওয়ার কথা রয়েছে পেসার ব্লেয়ার টিকনারের। এর আগে হ্যামস্ট্রিং ও মাংসপেশির চোটে থাকা ও’রুর্ককে সতর্কতা হিসেবে ভারত সিরিজ থেকে বিশ্রাম দেয় নিউজিল্যান্ড। এখন পর্যন্ত ১৪ টেস্টে ২৪.৫৫ গড়ে তার শিকার ৪৯ উইকেট।
ক্রাইস্টচার্চে ভারতের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের মাঝে স্কাই স্পোর্টকে কিউইদের প্রধান কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাতে চোট (হাড়ে ফাটল) পাওয়া মিচেল স্যান্টনার অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে ফিরতে পারেন। বর্তমান দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই, গ্লেন ফিলিপসকে সহায়তা করার জন্য ডিন ফক্সক্রফটকে দলে নেওয়া হয়েছে।
এ ছাড়া পেস বোলার জ্যাক ফক্স (হিপ ফ্লেক্সের ইনজুরি) এবং বেন সিয়ার্স (গোড়ালির চোট) এখনও সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় তারা দলের বাইরে আছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট শুরু হবে ৯ ডিসেম্বর পার্থে। এরপর অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রাই, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ ও উইল ইয়ং।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.