Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
26°C Clear sky
Latest
Crime

নদী খাল পুকুর দখল, প্রকৃতির বিরুদ্ধে আগ্রাসন

একটি জলাশয় মানে শুধু পানি জমে থাকার কোনো স্থান নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে একটি জনপদের ইতিহাস, মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ এবং অসংখ্য প্রাণের অস্তিত্ব। নদী, খাল, বিল, পুকুর ও […]

Read on Khulna Gazette Link copied
নদী খাল পুকুর দখল, প্রকৃতির বিরুদ্ধে আগ্রাসন
Photo: Khulna Gazette

একটি জলাশয় মানে শুধু পানি জমে থাকার কোনো স্থান নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে একটি জনপদের ইতিহাস, মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ এবং অসংখ্য প্রাণের অস্তিত্ব। নদী, খাল, বিল, পুকুর ও হ্রদ প্রকৃতির এমন সম্পদ, যার ওপর নির্ভরশীল মানুষসহ অসংখ্য প্রাণী। অথচ ব্যক্তিগত লোভ ও স্বার্থের কাছে আজ বিপন্ন হচ্ছে প্রকৃতির এই অমূল্য আশ্রয়।

একশ্রেণির প্রভাবশালী ভূমিদস্যু জাল দলিল, ভুয়া রেকর্ড, নকশার কারসাজি এবং নানা অপতৎপরতার মাধ্যমে ক্রমাগত গ্রাস করছে জনসাধারণের সম্পদ। প্রশ্ন হচ্ছে, একটি সভ্য রাষ্ট্রে কোটি প্রাণের বেঁচে থাকার অবলম্বন কি কতিপয় দুর্বৃত্তের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হতে পারে? বাস্তবতা হচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে জলাশয় দখলের প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

কোথাও নদীর বুক ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে, কোথাও খালের গতিপথ বন্ধ করে তৈরি হচ্ছে ঘের, আবাসন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। আবার কোথাও সরকারি কিংবা জনসাধারণের ব্যবহার্য জলাশয়ের জমি ব্যক্তিমালিকানায় নেওয়ার অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের পেছনে শুধু অর্থনৈতিক লোভ নয়, অনেক ক্ষেত্রে রয়েছে প্রভাব বিস্তার, প্রশাসনিক দুর্বলতা এবং আইনের ফাঁকফোকর। জলাশয় বিলুপ্তির অর্থ পরিবেশের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তাবলয় হারানো।

বর্ষাকালে নদী, খাল ও বিল অতিরিক্ত পানি ধারণ করে। প্রাকৃতিক নিষ্কাশনব্যবস্থা সচল রাখার পাশাপাশি এগুলো ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণ, কৃষিকাজে সেচ এবং জলজ প্রাণীর প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলাশয়ের আয়তন কমে গেলে বৃষ্টির পানি ধারণের জায়গা সংকুচিত হয়। ফলে সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়, ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি ও কৃষিজমি। শুষ্ক মৌসুমে দেখা দেয় পানির সংকট। এর সরাসরি প্রভাব পড়ে কৃষক, জেলে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায়।

জলাশয় দখলের আরেকটি ভয়ংকর দিক হলো ভূমির কাগজপত্র নিয়ে জালিয়াতি। পুরোনো দলিলের অপব্যাখ্যা, ভুয়া রেকর্ড তৈরি, নকশার অসংগতি এবং জমির শ্রেণি পরিবর্তনের নানা অজুহাতে জনস্বার্থ সংশ্লিষ্ট সম্পত্তি আত্মসাতের চেষ্টা চলে। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ প্রকৃত তথ্য জানার আগেই জলাশয়ের অস্তিত্ব হারিয়ে যায়। তাই ভূমি জরিপ, রেকর্ড সংরক্ষণ এবং মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। সিএস, এসএ, আরএস ও বিএস রেকর্ডসহ মৌজা মানচিত্র যাচাই করে সরকারি ও জনসাধারণের ব্যবহার্য জলাশয়ের প্রকৃত সীমানা চিহ্নিত করতে হবে। জালিয়াতির অভিযোগ পাওয়া গেলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে হবে। এখানে প্রশাসনের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

একটি জলাশয় বছরের পর বছর কীভাবে দখল হয়, কীভাবে তার শ্রেণি বা সীমানা পরিবর্তনের চেষ্টা চলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা জানতে পারে না, এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে। ভূমি অফিস, জেলা ও উপজেলা প্রশাসন এবং জরিপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে। দায়িত্বে অবহেলা কিংবা অসাধু ব্যক্তিদের সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পেছনে অপরিকল্পিত অবকাঠামোর ভূমিকাও কম নয়। অনেক স্থানে অপর্যাপ্ত উচ্চতা ও সংকীর্ণ পরিসরের কালভার্ট, সেতু, বাঁধ এবং সড়ক নির্মাণের কারণে পানির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও একটি অপরিকল্পিত স্থাপনা কয়েকটি গ্রামের পানি নিষ্কাশনব্যবস্থাকে অকার্যকর করে রাখে। ফলে বর্ষায় কৃষিজমি ডুবে থাকছে, আবার শুষ্ক মৌসুমে পানি চলাচলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে নদী ও খালের পানিপ্রবাহ, প্রাকৃতিক সংযোগ এবং স্থানীয় ভূ-প্রকৃতি বিবেচনা করা বাধ্যতামূলক হওয়া উচিত। ইতোমধ্যে নির্মিত স্থাপনাগুলোর কার্যকারিতা পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী সম্প্রসারণ, পুনর্নির্মাণ কিংবা অপসারণের উদ্যোগ নিতে হবে। জলাশয় উদ্ধারের ক্ষেত্রে প্রয়োজন একটি সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা। প্রথমে দেশের নদী, খাল, বিল, পুকুর ও হ্রদের তালিকা প্রস্তুত করে ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি করতে হবে।

প্রতিটি জলাশয়ের সীমানা, আয়তন, অবস্থান ও বর্তমান অবস্থা সংরক্ষণ করতে হবে। এরপর অগ্রাধিকার ভিত্তিতে অবৈধ দখল উচ্ছেদ করে পুনঃখনন, সংস্কার ও দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে। কোনো খাল যদি নদীর সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে, তাহলে প্রয়োজনীয় কারিগরি সমীক্ষার ভিত্তিতে সেই সংযোগ পুনঃস্থাপন করতে হবে। শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করে দায়িত্ব শেষ করলে চলবে না; উদ্ধার করা জমি যেন পুনরায় বেদখল না হয়, তার স্থায়ী ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

আইনের প্রয়োগ হতে হবে পরিচয় ও প্রভাবমুক্ত। জলাশয় দখলের সঙ্গে জড়িত ব্যক্তি যত ক্ষমতাশালীই হোন না কেন, অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জাল দলিল তৈরি, সরকারি রেকর্ডে কারসাজি এবং অবৈধভাবে স্থাপনা নির্মাণের ঘটনায় জড়িত প্রত্যেককে জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে সরকারি সম্পত্তি উদ্ধারের পর তা সংরক্ষণের দায়িত্ব নির্দিষ্ট কর্তৃপক্ষের ওপর অর্পণ করতে হবে। প্রশাসনিক অভিযান যেন সাময়িক প্রদর্শনীতে পরিণত না হয়, বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। এ কাজে স্থানীয় জনগণের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। কারণ কোনো এলাকার জলাশয়ের প্রকৃত অবস্থা, তার পুরোনো সীমানা এবং মানুষের সঙ্গে তার সম্পর্ক সম্পর্কে স্থানীয় বাসিন্দারাই সবচেয়ে ভালো জানেন। জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কৃষক, জেলে ও পরিবেশকর্মীদের সমন্বয়ে স্থানীয় পর্যায়ে তদারকি কমিটি গঠন করতে হবে। প্রচার মাধ্যমকে শুধু দখলের খবর প্রকাশ নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ ও অগ্রগতিও নিয়মিত তুলে ধরতে হবে। জনমত তৈরি হলে দখলদারদের অপতৎপরতা প্রতিরোধ করা সহজ হবে।

আমাদের মনে রাখতে হবে, আজ একটি খাল হারানোর ক্ষতি হয়ত তাৎক্ষণিকভাবে সবাই বুঝতে পারবে না। কিন্তু কয়েক বছর পর সেই খাল না থাকার কারণে যখন একটি বিস্তীর্ণ জনপদ জলাবদ্ধতায় বিপর্যস্ত হবে, তখন তার মূল্য দিতে হবে কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ পরিবারগুলোকে। একইভাবে একটি বিলের অস্তিত্ব বিলীন হলে শুধু মাছের উৎপাদন কমে না, ক্ষতিগ্রস্ত হয় পাখি, জলজ উদ্ভিদ এবং একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র। রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনায় তাই জলাশয় সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দিতে হবে। নতুন সড়ক, সেতু, আবাসন কিংবা শিল্পপ্রতিষ্ঠান নির্মাণের আগে পরিবেশগত প্রভাব যাচাই করতে হবে। জলাশয়কে উন্নয়নের প্রতিবন্ধক না ভেবে প্রাকৃতিক সম্পদ ও জননিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী, খাল, বিল ও জলাশয় সংরক্ষণ করব, নাকি কিছু মানুষের সীমাহীন লোভের কাছে প্রকৃতির এই সম্পদ সমর্পণ করব? একটি সভ্য সমাজ কখনো জনস্বার্থের সম্পদ দখলদারদের হাতে ছেড়ে দিতে পারে না। এ ক্ষেত্রে রাষ্ট্রকে কঠোর হতে হবে, প্রশাসনকে দায়িত্বশীল হতে হবে এবং প্রতিটি নাগরিককে সোচ্চার হতে হবে। জলাশয় কোনো ব্যক্তির ব্যক্তিগত লোভের উপকরণ নয়। এটি প্রকৃতির সম্পদ, মানুষের অধিকার এবং আগামী প্রজন্মের কাছে আমাদের আমানত। এই আমানত রক্ষায় আপোশ করার সুযোগ নেই। কারণ জলাশয় রক্ষা মানে শুধু পানি রক্ষা নয়; এর অর্থ মানুষের জীবন, জীবিকা, পরিবেশ এবং ভবিষ্যৎ সভ্যতার নিরাপত্তা নিশ্চিত করা।

লেখক : শিক্ষক ও কলামিস্ট, শালিখা, মাগুরা।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original