যশোরের বেনাপোলসহ ৭২ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তকেন্দ্রিক যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
রাতের অন্ধকারেও থেমে নেই তাদের সীমান্ত পাহারা দেওয়া। আধুনিক সার্চলাইটের আলো দিয়ে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চলছে নিবিড় নজরদারি ও টহল কার্যক্রম। সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখছেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা।
বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, সীমান্তে আলোকসজ্জা ও সার্চ লাইটের মাধ্যমে নজরদারি বাড়লে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক কারবার কমে আসবে। বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এসব সরঞ্জাম কার্যকর ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান, যশোর সীমান্তে বিজিবি সারচলাইট ব্যবহার করায় তাঁদের নিরাপত্তা নিয়ে স্বস্তি তৈরি হয়েছে। এতে পুশইন, চোরাচালান, মাদক কারবার ও অবৈধ অনুপ্রবেশের মতো কর্মকাণ্ড প্রতিরোধ করা সহজ হবে।
ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল ব্যবস্থা, গোয়েন্দা নজরদারি এবং সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাজেদুল রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যশোর ৪৯ বিজিবির এ তৎপরতা অব্যাহত রয়েছে। দিন হোক কিংবা গভীর রাত-বেনাপোল সীমান্তে সতর্ক পাহারা রয়েছে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.