Sunday, November 29, 2026 Khulna, Bangladesh
20°C Clear sky
Latest
Khulna

ছোট রান্নাঘর যেভাবে গুছিয়ে রাখবেন

আমাদের অনেকের রান্নাঘরই অনেকটা সরু করিডোরের মতো। দু-একটি তাক, ছোট একটি কাউন্টার আর তার অর্ধেকটা জুড়ে থাকা চুলা- এই পরিস্থিতিতে সাধারণ ডাল-ভাত রান্না করাটাও যেন এক কঠিন কসরত হয়ে দাঁড়ায়। […]

Read on Khulna Gazette Link copied
ছোট রান্নাঘর যেভাবে গুছিয়ে রাখবেন
Photo: Khulna Gazette

আমাদের অনেকের রান্নাঘরই অনেকটা সরু করিডোরের মতো। দু-একটি তাক, ছোট একটি কাউন্টার আর তার অর্ধেকটা জুড়ে থাকা চুলা- এই পরিস্থিতিতে সাধারণ ডাল-ভাত রান্না করাটাও যেন এক কঠিন কসরত হয়ে দাঁড়ায়। তবে সুখবর হলো, ছোট রান্নাঘর মানেই যে অগোছালো হতে হবে, তা কিন্তু নয়। কিছু বুদ্ধিদীপ্ত পরিবর্তনের মাধ্যমে আপনি প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট জায়গা খুঁজে পেতে পারেন, কাউন্টার ফাঁকা রাখতে পারেন এবং দৈনন্দিন রান্নার কাজকে আরও সহজ ও আরামদায়ক করে তুলতে পারেন। এর জন্য বড় কোনো সংস্কার বা দামী সরঞ্জামের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল সামান্য পরিকল্পনার। এখানে পাঁচটি কার্যকর উপায় দেওয়া হলো-

অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন

কোনো কিছু রাখার জন্য ঝুড়ি বা বাক্স কেনার আগে, রান্নাঘরের সব জিনিস বাইরে বের করুন এবং দেখুন আসলে কোনগুলো আপনার কাজে লাগে। মসলা, ডাল বা প্যাকেটজাত খাবারের মেয়াদ দেখে নিন। মেয়াদোত্তীর্ণ পণ্য, একই ধরনের একাধিক বাসনপত্র, ভাঙা বা চটা প্লেট এবং যেসব সরঞ্জাম গত এক বছরে একবারও ব্যবহার করেননি, সেগুলো সরিয়ে ফেলুন। বাকি জিনিসগুলোকে ধরন অনুযায়ী আলাদা করুন। যেমন বেকিংয়ের সরঞ্জাম, চা ও স্ন্যাকসের উপকরণ অথবা প্রতিদিন রান্নায় ব্যবহৃত জিনিস। এভাবে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেললে অনেক সময় নতুন কোনো স্টোরেজ কেনার চেয়েও বেশি জায়গা তৈরি হয়। কেবল প্রয়োজনীয় জিনিসগুলোই রাখুন; দেখবেন, রান্নাঘরটি এমনিতেই আগের চেয়ে বড় মনে হচ্ছে।

দেয়াল, দরজা এবং উল্লম্ব জায়গা (vertical space) কাজে লাগান

মেঝে বা কাউন্টারে জায়গা কম থাকলে দেয়ালের দিকে নজর দিন। হাতা, চিমটা বা কড়াই ঝোলানোর জন্য দেয়ালে রেল বা হুক লাগাতে পারেন, আর ছুরি রাখার জন্য ব্যবহার করতে পারেন ম্যাগনেটিক স্ট্রিপ। চুলা বা জানালার ওপরের দেয়ালে ছোট তাক (floating shelf) বসিয়ে সেখানে বয়াম বা নিয়মিত ব্যবহৃত মসলা রাখতে পারেন। আলমারির দরজার ভেতরের দিকটাও দারুণ কাজে লাগানো যায়, সেখানে ছোট র‍্যাক লাগিয়ে ঢাকনা, ফয়েল পেপারের রোল বা কাটিং বোর্ড রাখতে পারেন। সরু ও লম্বা তাকগুলো রান্নাঘরের কোণায় বসাতে পারেন, যা সাধারণত অব্যবহৃতই পড়ে থাকে। তবে খেয়াল রাখবেন, যেন সবকিছু মজবুতভাবে আটকানো থাকে এবং চুলার তাপ থেকে দূরে থাকে।

কাউন্টার ফাঁকা রাখুন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখুন

কাউন্টার পরিষ্কার থাকলে রান্নার সময় চাপ কম অনুভূত হয়। কেবল প্রতিদিন ব্যবহৃত জিনিসগুলো যেমন কেটলি, কাটিং বোর্ড বা মসলার কৌটা কাউন্টারে রাখুন, বাকি সবকিছু গুছিয়ে ভেতরে রেখে দিন। তেলের বোতল বা লবণের কৌটার মতো জিনিসগুলো একটি ট্রে বা ছোট ঝুড়িতে গুছিয়ে রাখতে পারেন, এতে সেগুলো ছড়িয়ে-ছিটিয়ে না থেকে পরিপাটি দেখাবে। যেসব সরঞ্জাম সচরাচর ব্যবহার করা হয় না, যেমন মিক্সার বা স্যান্ডউইচ মেকার, সেগুলো ওপরের কোনো তাকে বা আলমারির ভেতরে রেখে দিন। রান্নাঘরের কাউন্টারে অহেতুক জিনিসপত্র ছড়িয়ে না রেখে কিছুটা খালি জায়গা রাখা অনেক বেশি কার্যকর। এমন সব পাত্র বা অর্গানাইজার বেছে নিন যা আপনার রান্নাঘরের জায়গার সাথে মানানসই। একই ধরনের পাত্র ব্যবহার করলে অনেকটা জায়গা সাশ্রয় হয়। গোলাকার পাত্রের তুলনায় চারকোনা বা আয়তাকার বায়ুরোধী (এয়ারটাইট) জারগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় এবং এগুলো জায়গা কম নেয়; এছাড়া স্বচ্ছ পাত্র হলে ভেতরে কী আছে তা সহজেই বোঝা যায়।

রান্নাঘরে বিভিন্ন কাজের জন্য আলাদা জায়গা (zone) তৈরি করুন

আলমারি বা ক্যাবিনেটের ভেতরে তাকের উচ্চতা দ্বিগুণ করতে শেলফ রাইজার (shelf riser) ব্যবহার করতে পারেন। চামচ ও ছুরি আলাদা করে রাখার জন্য ড্রয়ার ডিভাইডার ব্যবহার করুন। টেনে বের করা যায় এমন ঝুড়ি (pull-out baskets) অথবা ঘোরানো তাক (lazy Susans) ব্যবহার করতে পারেন। পাত্রের ঢাকনায় লেবেল লাগিয়ে দিন, যাতে পরিবারের সবাই বুঝতে পারে কোন জিনিস কোথায় রাখতে হবে। কোনো কিছু কেনার আগে তাকের মাপ নিয়ে নিন, যাতে ভুল মাপের অর্গানাইজার কিনে টাকা নষ্ট না হয়। কোনো জিনিস যেখানে প্রয়োজন, ঠিক সেখানেই রাখার ব্যবস্থা করলে ছোট রান্নাঘরও অনেক বেশি কার্যকর হয়ে ওঠে। যেমন কেটলির কাছে চা, চিনি ও কাপ রাখুন; আবার চুলার কাছাকাছি তেল, মসলা ও রান্নার সরঞ্জাম (যেমন খুন্তি বা স্প্যাচুলা) রাখুন। সবজি কাটার বোর্ড ও ছুরিগুলো প্রস্তুতির জায়গার (prep area) কাছে রাখুন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জামগুলো সিঙ্কের কাছাকাছি রাখুন।

সহজ অভ্যাস গড়ে তুলুন

প্রতিদিন সন্ধ্যায় অন্তত পাঁচ মিনিট সময় নিয়ে কাউন্টারগুলো মুছে ফেলুন, জিনিসপত্র যথাস্থানে গুছিয়ে রাখুন এবং সিঙ্ক পরিষ্কার করুন। মাঝে মাঝে বড় ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের চেয়ে নিয়মিত ছোটখাটো পরিচ্ছন্নতা বজায় রাখা অনেক বেশি কার্যকর। তাক, হুক বা র‍্যাকগুলো যেন মজবুতভাবে লাগানো থাকে এবং সেগুলো প্রয়োজনীয় ওজন বহন করতে সক্ষম কি না, তা নিশ্চিত করুন। চুলার কাছাকাছি কোনো দাহ্য বস্তু রাখবেন না। দেয়ালে কিছু লাগানোর বা ড্রিল করার আগে সংশ্লিষ্ট নির্দেশাবলি এবং আপনার বাড়ি বা ভাড়ার চুক্তির নিয়মাবলি দেখে নিন।

খুলনা গেজেট/উউরা

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original