যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন সরকারের চার মন্ত্রী-প্রতিমন্ত্রী। গতকাল শনিবার বিকেলে অভয়নগর উপজেলার ভবদহ ২১ ভেন্ট স্লুইচ গেট পরিদর্শন করেন তারা। স্লুইচ গেটের বর্তমান পরিস্থিতি দেখার পর স্থানীয় ভবদহ কলেজ মাঠে স্থানীয়দের উদ্দ্যেশে বক্তৃতা করেন চার মন্ত্রী প্রতিমন্ত্রী। তারা ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
এ সময় বক্তৃতা করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসাদ, বিদ্যুৎ, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গণি। বক্তৃতায় তারা ভবদহ জলাবদ্ধতা সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতার কথা তুলে ধরেন।
শনিবার বিকেলে ২১ ভেন্ট স্লুইচ গেট পরিদর্শন শেষে অভয়নগর উপজেলার ভবদহ স্কুল মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশে বক্তৃতায় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জনগণের দীর্ঘ ১৭ বছরের অবহেলা ও দুর্ভোগের সমাপ্তি ঘটাতে মেগা প্রজেক্ট নেয়া হয়েছে। এ প্রজেক্টে গঙ্গা-পদ্মা ব্যারেজ ও অভ্যন্তরীণ খাল খননসহ স্থায়ী ও স্বল্পমেয়াদী নানা পরিকল্পনা রয়েছে। আর সব পরিকল্পনার লক্ষ্য ভবদহ অঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে চিরস্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্ত করা।
কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, যশোর এলাকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি যেন পুনরায় চাষাবাদের আওতায় আনা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এ সমস্যা সমাধানে মন্ত্রিসভার একাধিক সদস্যও আন্তরিকভাবে কাজ করছেন। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর যেসব প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, ভবদহের জলাবদ্ধতা নিরসন প্রকল্প তার অন্যতম।
কৃষিমন্ত্রী আরও বলেন, ভবদহ অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর এবং কৃষি উৎপাদনের জন্য বিশেষ সম্ভাবনাময়। বিশেষ করে এ অঞ্চলে রসুন উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। ভবদহের জমি যথাযথভাবে চাষাবাদের আওতায় আনা গেলে বিপুল পরিমাণ রসুন উৎপাদন সম্ভব হবে। পরিকল্পিতভাবে এ অঞ্চলে রসুন উৎপাদন বাড়ানো গেলে দেশের রসুন আমদানির ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
এরআগে সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে “বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরকরণ ও সেচ কার্যক্রম উন্নয়ন’’ প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চার মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
ওই সভায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, আমরা চাই না ভবদহ এলাকার মানুষদের জলাবদ্ধতার দুঃখ থেকে মুক্তি পেতে যুগের পর যুগ সময় লাগুক। দ্রুততম সময়ের মধ্যে আমরা এসমস্যার সমাধান করতে চাই। ভবদহ জলাবদ্ধতা সমস্যা সমাধানে যে কোন সিদ্ধান্ত গ্রহণের আগে এবিষয়ে বিশেষজ্ঞ ও এ অঞ্চলের মানুষের সাথে পরামর্শ করা হবে এবং দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে টিআরএম আসতে পারে। ভবদহ এলাকার মাটি ফসল আবাদের জন্য উৎকৃষ্ট। তাই আগামী দুই এক বছরের মধ্যে পুরো অঞ্চলটি চাষের আওতায় আনা স্বল্পমেয়াদি পদক্ষেপের মূল উদ্দেশ্য হবে। বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের বড় দায়িত্ব ও কর্তব্য হলো জনগণের কল্যাণে কাজ করা।
সভায় জানানো হয়, সরকার প্রায় ৩শ’ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে। আগামী ২০৩০ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে কৃষি উৎপাদনের আওতায় আনা সম্ভব হবে। এর মধ্যে ভবদহ এলাকার ৫ হাজার ২শ’ হেক্টর জমি কৃষি উপযোগী করা সম্ভব হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
এদিকে, সরকারের ৩০০ কোটি টাকার এই প্রস্তাবিত সেচ পরিকল্পনা নিয়ে দ্বিমত ও ক্ষোভ প্রকাশ করেছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, মেগা সেচ প্রকল্প হাতে না নিয়ে, নদী ও বিলের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে এবং পলি ব্যবস্থাপনা সঠিকভাবে সম্পন্ন করতে টিআরএম চালু করতে হবে। তাহলেই জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব হবে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.