জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য জনগণের গণভোটের রায় দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দেয়া রায় উপেক্ষা করে জাতীয় ঐক্যের উদ্যোগ সফল করা সম্ভব নয়। গণভোটের রায় এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই জাতীয় ঐক্যের প্রকৃত ভিত্তি তৈরি হতে পারে। অন্যথায় নতুন করে রাজনৈতিক বিভাজন ও অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ কেবল সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করেনি, বরং রাষ্ট্র পরিচালনার নীতি, কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই সরকার গঠনের নির্বাচন এবং রাষ্ট্রকাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোটের রায় মেনে নেয়া এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য ছিল। কিন্তু নির্বাচনের পরদিন থেকেই সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।
জামায়াত আমিরের অভিযোগ, জনগণের দেয়া গণরায় বাস্তবায়নের পরিবর্তে সরকার সংবিধান সংশোধনের জন্য নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। অথচ এ বিষয়ে অন্তর্বর্তী সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে দীর্ঘ সাত মাস ধরে ৩৭টি রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পক্ষ আলোচনা করেছে। সেখানে যে মতামত ও সিদ্ধান্ত তৈরি হয়েছে, সেগুলোর ভিত্তিতেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়া উচিত বলে মনে করেন তিনি। নতুন করে কমিটি গঠনের প্রয়োজন নেই বলেও জানান। সংবিধান সংশোধন এবং রাষ্ট্রীয় সংস্কারের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সংস্কারের মাধ্যমে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আনা সম্ভব। অন্যদিকে সংবিধান সংশোধনের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হওয়ার সুযোগ থাকে। সংসদ ও আদালতের মধ্যে নতুন কোনো বিরোধ বা অস্পষ্টতা তৈরি হোক, তা জামায়াত চায় না। এ কারণেই গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে দলটি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দেয়া ম্যান্ডেট বাস্তবায়নে আর বিলম্ব না করে জাতীয় ঐকমত্যের ভিত্তি শক্তিশালী করতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, গণভোটের রায় কার্যকর হলে সেই ঐক্য নতুন করে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। কিন্তু মূল দাবিগুলো উপেক্ষা করে কেবল সংলাপ বা ঐক্যের উদ্যোগ নেওয়া হলে তা দীর্ঘস্থায়ী হবে না। বরং এর সুযোগ নিয়ে অতীতের ফ্যাসিবাদী শক্তি আবারও রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করতে পারে।
বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করে জামায়াত আমির বলেন, অতীতের রাজনীতিতে ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বাড়ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পরিবর্তনের অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে দলীয় প্রভাবমুক্ত রাখা জরুরি। মেধা ও যোগ্যতার মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত না হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল একটি মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, যেখানে দলীয় পরিচয় নয়, যোগ্যতা ও দক্ষতাই হবে মূল্যায়নের প্রধান ভিত্তি। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রবণতা সেই প্রত্যাশাকে বাধাগ্রস্ত করছে। এ বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে জামায়াত আপত্তি জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি, দখল বাণিজ্য, কমিশন বাণিজ্য, হত্যাকাণ্ড, মাদক এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা জনজীবনকে অস্থির করে তুলেছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদক বিক্রি এবং তরুণদের মাদকাসক্তির বিস্তার রোধে সরকারের দৃশ্যমান কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় ঐক্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সংলাপে জামায়াত কোনো দলীয় স্বার্থ নিয়ে বসতে চায় না। জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা, রাজনৈতিক ও সামাজিক পরিবেশ পরিচ্ছন্ন করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করার মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই আলোচনায় অংশ নেবে তার দল। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হলে সেই ঐক্যের ভিত্তি হতে হবে জনগণের অধিকার ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন।
দ্রব্যমূল্য ও জনজীবনের ব্যয় বৃদ্ধির বিষয়েও সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সাধারণ মানুষের ওপর গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের চাপ বাড়ছে। এসব সমস্যার জন্য শুধু অতীতের সরকার বা আন্তর্জাতিক পরিস্থিতিকে দায়ী না করে বর্তমান সরকারের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।
প্রতিবেশী দেশের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে হুমকিমূলক বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। জামায়াত আমির বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে বন্ধুত্বের সম্পর্ক পারস্পরিক সম্মান ও আচরণের ওপর নির্ভরশীল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত এবং জনগণের নিরাপত্তার প্রশ্নে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে। এসব বিষয়ে সশস্ত্র বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি।
নতুন প্রজন্মকে রাষ্ট্র গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অতীতের বিভেদ ও সংঘাতকে পেছনে রেখে ভবিষ্যৎ নির্মাণে মনোযোগী হতে হবে। তরুণ ও যুবসমাজকে নেতৃত্বে নিয়ে একটি মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু কোনো একটি বাহিনীর পক্ষে দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। রাষ্ট্রীয় বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত, মানুষের জীবন, সম্পদ ও অধিকার রক্ষা করতে হবে।
এ ছাড়া বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি সংসদে উপস্থাপন ও আলোচনা করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি কেবল সরকারের বিষয় নয়, এর সঙ্গে দেশের ভবিষ্যৎ ও জনগণের স্বার্থ জড়িত। তাই কোনো চুক্তির মাধ্যমে বাংলাদেশ কী পাচ্ছে এবং কী ছাড় দিচ্ছে, তা জনগণের জানার অধিকার রয়েছে। এ ক্ষেত্রে সংসদে যথাযথ আলোচনা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.