Friday, November 27, 2026 Khulna, Bangladesh
26°C Clear sky
Latest
Politics

জোড়া সেঞ্চুরিতে সূর্যবংশীদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা

বৈভব সূর্যবংশীর দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া ইনিংসে সংযুক্ত আরব আমিরাতের লক্ষ্য স্রেফ ১৪.২ ওভারে পেরিয়েছিল ভারত ‘এ’ দল। তবে এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দল তাদের পরাস্ত […]

Read on Khulna Gazette Link copied
জোড়া সেঞ্চুরিতে সূর্যবংশীদের বিদায় করে ফাইনালে শ্রীলঙ্কা
Photo: Khulna Gazette

বৈভব সূর্যবংশীর দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া ইনিংসে সংযুক্ত আরব আমিরাতের লক্ষ্য স্রেফ ১৪.২ ওভারে পেরিয়েছিল ভারত ‘এ’ দল। তবে এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দল তাদের পরাস্ত করেছে। বৈভব-তিলকদের দেওয়া ৩১৮ রানের লক্ষ্য তাড়ায় জোড়া সেঞ্চুরি করেন লঙ্কান দুই ওপেনার। ফলে ৮ উইকেটের জয়ে ভারতকে বিদায় করে তারা ফাইনালে উঠে গেল।

দোহা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান তোলে ভারত। এদিনও ঝোড়ো শুরু এনে দিয়েছিলেন বৈভব ও অভিষেক শর্মা। দুজনের জুটিতে ৮ ওভারে ৮০ রান তুলে ফেলে ভারতীয় এ দল। এরপর বৈভব ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রানে বিদায় নিলে সেই জুটি ভাঙে।

দ্বিতীয় উইকেট জুটিতে অভিষেক ও অধিনায়ক তিলক ভার্মা মিলে ৭৯ রান যোগ করেন দলীয় স্কোরবোর্ডে। ৬৩ বলে ১১ চার ও ১ ছক্কায় অভিষেক ৭৮ এবং ৬৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিলক। মাঝে রিংকু সিং ও কুমার কুশাগ্র দ্রুত আউট হয়ে যান। পরে শেহবাজ আহমেদের ৪৮ বলে ৪ ছক্কায় ৫৪ রানের অপরাজিত ইনিংসে ভারত তিনশ পেরোয়। তানুশ কোটিয়ান করেন ২৮ রান। লঙ্কানদের পক্ষে ২ উইকেট করে নেন তিন বোলার।

বড় লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কান দুই ওপেনার ম্যারাথন জুটি গড়েন। ভারতীয় বোলারদের পাত্তা না দিয়ে স্রেফ ২১.৩ ওভারেই ১৭৪ রান করেন লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনে। ৭০ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১০৫ রানে জয়াবর্ধনে আউট হলে সেই জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে আরেকটি বড় জুটিতে (৯১) ক্রুসপুল্লে ও নিশান মাদুশকা জয় সহজ করে তোলেন লঙ্কানদের। ২৮ বছর বয়সী ব্যাটার ক্রুসপুল্লে ১০৭ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১১৬ রান করেন।

এ ছাড়া মাদুশকা ৫৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৮ এবং অধিনায়ক পভন রত্ননায়েকে ১৬ বলে ৩১ রানের অপরাজিত ক্যামিও ইনিংস খেললে ৪১.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা এ দল। ৮ উইকেটের বড় জয়ে তারা এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনাল এবং ভারতের বিদায় নিশ্চিত করে। ভারতের পক্ষে হার্শিত রানা ও শেহবাজ নেন ১টি করে উইকেট।

দ্বিতীয় সেমিফাইনালে আজ (শুক্রবার) বাংলাদেশ ও পাকিস্তানের ‘এ’ দল মুখোমুখি হবে। বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে বিজয়ীদের সঙ্গে আগামী ২৯ নভেম্বর এশিয়া কাপের ফাইনালে লড়বে শ্রীলঙ্কা ‘এ’ দল।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original