দীর্ঘদিনের বন্ধুত্বের পথ ধরে এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মনের মানুষের সঙ্গে আইনি গাঁটছড়া বাঁধার পর আংটি বদলের মিষ্টি মুহূর্তসহ বিয়ের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিতে কখনো পাশাপাশি বসে হাসিমুখে, কখনো আংটি পরিয়ে দেওয়ার মুহূর্তে ধরা দিয়েছেন মিমি ও তার বর সিদ্ধার্থ দত্ত।
বেশ কয়েক দিন ধরেই মিমির বিয়ে নিয়ে চলছিল নানা জল্পনা। অবশেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় নিজের বাড়িতেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেত্রী। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। সোনালি ও দুধসাদা শাড়িতে সেজেছিলেন মিমি। অন্যদিকে তাঁর সঙ্গে মিলিয়ে সাদা পাঞ্জাবি পরেছিলেন সিদ্ধার্থ।
বিয়ের বিশেষ মুহূর্তগুলো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন মিমি। আংটি বদল থেকে শুরু করে বিয়ের নথিতে সই—জীবনের গুরুত্বপূর্ণ সময়ের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। এত দিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও এবার কাছের মানুষদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী।
মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত পেশায় মার্চেন্ট নেভির কর্মকর্তা। এক বান্ধবীর মাধ্যমে তাদের পরিচয় হয়। সেই পরিচয় থেকেই গড়ে ওঠে বন্ধুত্ব, পরে যা রূপ নেয় ভালোবাসার সম্পর্কে। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রেখেছিলেন দুজনেই। এবার আইনি বিয়ের মধ্য দিয়ে একসঙ্গে পথচলার আনুষ্ঠানিক শুরু করলেন তারা।
তবে কলকাতায় আইনি বিয়ের মধ্যেই শেষ হচ্ছে না আয়োজন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাহাড়ে বসবে তাদের মূল বিয়ের আসর। পরিকল্পনা অনুযায়ী, ২ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন মিমি ও সিদ্ধার্থ। পরদিন ৩ ডিসেম্বর আয়োজন করা হবে ডিনারের। ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। আর ৫ ডিসেম্বর কালিম্পংয়ে সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হবে তাদের বিয়ের আয়োজন।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.