Friday, November 27, 2026 Khulna, Bangladesh
25°C Clear sky
Latest
Crime

আতঙ্ক নয়, প্রয়োজন পুলিশের প্রতি আস্থা

আমার বয়স এখন ৫৯ বছর। জীবনের এই দীর্ঘ সময়ে আমি খুলনাকে তিনটি ভিন্ন রূপে দেখেছি। শান্তির খুলনা, রক্তাক্ত অশান্ত খুলনা এবং পরবর্তীতে আবারও শান্ত হয়ে ওঠা এক চিরচেনা খুলনা। আজ […]

Read on Khulna Gazette Link copied
আতঙ্ক নয়, প্রয়োজন পুলিশের প্রতি আস্থা
Photo: Khulna Gazette

আমার বয়স এখন ৫৯ বছর। জীবনের এই দীর্ঘ সময়ে আমি খুলনাকে তিনটি ভিন্ন রূপে দেখেছি। শান্তির খুলনা, রক্তাক্ত অশান্ত খুলনা এবং পরবর্তীতে আবারও শান্ত হয়ে ওঠা এক চিরচেনা খুলনা। আজ একজন প্রবীণ নাগরিক এবং চাকরিজীবনের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা একজন পুলিশ কর্মকর্তা হিসেবে আপনাদের স্মৃতিকে একটু নাড়া দিতে চাই। আবেগ নয়, বরং নির্মোহ সত্য ও পরিসংখ্যান দিয়ে বর্তমান পরিস্থিতি বিচার করার বিনীত অনুরোধ জানাই।

একসময়ের গর্বিত শিল্পনগরী ছিল আমাদের এই খুলনা। পাটকল, হার্ডবোর্ড মিল আর নিউজপ্রিন্ট মিলের সাইরেনে মুখরিত থাকত চারপাশ। রিকশায় মাইক বেঁধে শঙ্খ, ঝিনুক, স্টার সোসাইটি, বৈকালি, উল্লাসিনী কিংবা পিকচার প্যালেস সিনেমা হলের প্রচারণার সেই মধুর কণ্ঠ আজও কানে বাজে। আমরা গর্ব করে বলতাম, শান্তির শহর খুলনা। কিন্তু সময় চিরদিন একভাবে যায় না।

নব্বইয়ের দশক ও তার পরবর্তী সময়ে খুলনায় নেমে আসে এক ঘোর অন্ধকার। তপন মালিথা, শিমুল ভূঁইয়া আর কথিত জনযুদ্ধের নামে শ্রেণিশত্রু খতমের হিড়িক পড়ে। বাড়িতে বাড়িতে কাফনের কাপড়সহ রক্তমাখা চিঠি আসত। ৪ নম্বর ঘাটে এরশাদ শিকদার আর ৭ নম্বর ঘাটে মোসলেমের ত্রাসের রাজত্ব ছিল। পাওয়ার হাউজ মোড়ে জাকাতের কাপড় কেনার সময় গুলিতে নিহত হন মোসলেম। আর এরশাদ শিকদারের বরফকলের নৃশংসতা ও পেটে পাথর বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়ার লোমহর্ষক ইতিহাস আজও আমাদের শিউরে তোলে।

দিনদুপুরে শহরের প্রাণকেন্দ্রে প্রাইভেটকারের ভেতর ছাত্রনেতা চঞ্চল ও বিথারসহ হাজী বাড়ির কাসেমের মৃত্যু, সোনাডাঙ্গা আবাসিকে জুমার নামাজ শেষে ফেরার পথে এস এম এ রব, শামসুর রহমান রোডে রিকশায় থাকা প্রবীণ আইনজীবী মনজুরুল ইমাম কিংবা সাংবাদিক মানিক সাহার মতো অসংখ্য প্রাণ ঝরে গেছে গুলিতে।

সেই দুঃসময়ে সন্ত্রাসীদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল পুলিশ। জনগণের নিরাপত্তার জন্য বুক পেতে দিয়েছিল তারা। বিনিময়ে শেখপাড়া, ময়লাপোতা ও সার্কিট হাউস এলাকায় টহলরত পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে। রূপসার ওপারে বিডিআর আলতাফ বাহিনীর তাণ্ডবে ক্যাম্পের পুলিশকে গলা কেটে হত্যা করা হয়েছে। এমনকি আদালত প্রাঙ্গণ থেকে গুলি-বোমা ফাটিয়ে তপন মালিথাকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও এই শহরে ঘটেছে।

অন্ধকার ভেদ করে আবার সূর্য উঠেছিল। খুলনা শান্ত হয়েছিল। সিডর, আইলা, আম্ফানের মতো প্রাকৃতিক দুর্যোগ আর ২০২৪ সালের জুলাই-আগস্টের ক্রান্তিকাল পেরিয়ে আমরা নতুন এক সময়ে প্রবেশ করেছি। কিন্তু ইদানীং আবারও এক ধরনের অস্থিরতা ও আতঙ্কের কথা শোনা যাচ্ছে। সন্ধ্যার পর অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। কিন্তু ভুঁইফোঁড় অনলাইন পোর্টাল ও অপেশাদার সামাজিক মাধ্যমের প্রচারণার ভিড়ে আমরা কি প্রকৃত সত্যটা গুলিয়ে ফেলছি না?

প্রশ্ন উঠছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কি আসলেই নির্লিপ্ত, নাকি তারা নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছে? আসুন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত খুলনা মহানগরীর অপরাধ চিত্রের প্রকৃত পরিসংখ্যানটি দেখি :

# মোট হত্যা মামলা : ৩৯টি (ভিকটিম ৪০ জন)
# গ্রেপ্তার : ১৩০ জন
# আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি : ৪৩ জন
# হত্যার রহস্য উদ্ঘাটন : ৩৬টি মামলা

পরিসংখ্যান বলছে, ৩৮টি হত্যাকাণ্ডের মধ্যে ৩৬টিরই রহস্য পুলিশ উদ্ঘাটন করেছে এবং আসামিরা গ্রেপ্তার হয়ে আদালতে দায় স্বীকার করেছে। বাকি ২টি মামলার অপরাধীদেরও পুলিশ শনাক্ত করেছে, এখন কেবল গ্রেপ্তারের অপেক্ষা। সিংহভাগ মামলার অভিযোগপত্র (চার্জশিট) ইতোমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে।

এসব হত্যাকাণ্ডের কারণ বিশ্লেষণ করলে দেখা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেয়ে সামাজিক অস্থিরতাই এখানে বেশি দায়ী। এর মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৪টি, পারিবারিক ও ব্যক্তিগত বিরোধে ১১টি, চোর সন্দেহে গণপিটুনিতে ৩টি, ইজিবাইক ছিনতাইয়ে ২টি, বাড়িভাড়া ও পাওনা টাকা নিয়ে ২টি এবং ছেলেধরা সন্দেহে ১টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া নদীতে ভেসে আসা ২টি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। হত্যার ধরন পর্যালোচনায় দেখা যায়, গুলিতে ১৪টি, শ্বাসরোধে ৮টি, ধারালো অস্ত্রে ৫টি, গণপিটুনিতে ৫টি এবং অন্যান্য আঘাতে ৩টি মৃত্যু হয়েছে।

৩৮টি ঘটনার মধ্যে ৩৬টিরই কিনারা করা কি পুলিশের কর্মবিমুখতার পরিচয়? নাকি চরম প্রতিকূলতার মাঝেও পেশাদারিত্বের প্রমাণ?

গত ৫ আগস্টের পর পুলিশের মনোবলে বড় ধাক্কা লেগেছিল, তবুও তারা মাঠ ছাড়েনি। কারণ পুলিশ ছাড়া একটি শহর বা রাষ্ট্র চলতে পারে না। পুলিশ জনগণের শত্রু নয়, বরং আপনার ভাই, বন্ধু ও সন্তান। বর্তমান পরিস্থিতিতে কেএমপি সদর ও লবণচরাসহ প্রতিটি থানায় সাদা পোশাকে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

তবে কেবল পুলিশের একার পক্ষে এই শহরকে পুরোপুরি নিরাপদ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা ও পুলিশের প্রতি আস্থা। সন্দেহভাজন কাউকে আটক করলে মারধর না করে পুলিশে সোপর্দ করুন। মসজিদ, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই সচেতনতা ছড়িয়ে দিতে হবে। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযানে গোপন তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন (তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়)।

গুজবে কান না দিয়ে সত্যকে জানুন। ভুল বোঝাবুঝির অবসান হোক, ফিরে আসুক পারস্পরিক আস্থা। খুলনা আমাদের সবার। পুলিশ ও জনতা কাঁধে কাঁধ মিলিয়েই এই শহরকে আবারও নিরাপদ ও শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব।

লেখক : সহকারী কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original