এক সপ্তাহের ব্যবধানে খুলনার বাজারে বেশ কিছু শাকসবজি ও মাছের দাম কমেছে। বিশেষ করে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচ এবং রুই, কাতলা ও বোয়াল মাছের দাম কমেছে উল্লেখযোগ্য হারে। তবে বেড়েছে বেগুনের দাম। অন্যদিকে, মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। গতকাল বৃহস্পতিবার নগরীর রূপসা বাজার, নিরালা বাজার ও গল্লামারি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এসব বাজারে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজিতে। এ ছাড়া গাজর ১০০ টাকা এবং টমেটো ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত রবিবার ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। অন্যান্য সবজির মধ্যে বেগুনের দাম কেজিতে ৬০ থেকে ৭০ টাকা থেকে বেড়ে ৯০ থেকে ১০০ টাকায় উঠেছে। আকার ভেদে ফুলকপি ও বাঁধাকপি ৬০ থেকে ৭০ টাকা থেকে কমে ৪০ থেকে ৫০ টাকায় এবং কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা থেকে কমে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। পালংশাকের দাম ৪০ থেকে ৫০ টাকা থেকে কমে ৩০ থেকে ৪০ টাকা হয়েছে। এ ছাড়া করলা, বরবটি শিম ও কুমড়ার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
সবজি বিক্রেতারা বলছেন, বাজারে এখনো পুরোপুরি নতুন শীতকালীন সবজি নামেনি। বাজারে পর্যাপ্ত পরিমাণে নতুন সবজি আসতে শুরু করলে দাম আরও কমতে পারে।
মাছ, মাংস ও ডিমের বাজার মাছের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহে প্রতি কেজি রুই মাছ ২৬০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা কমে ২০০ থেকে ২২০ টাকায় নেমেছে। কাতলা মাছের দাম ৩০০ থেকে ৩২০ টাকা থেকে কমে ২০০ থেকে ২৫০ টাকা হয়েছে। তেলাপিয়ার দামও কমে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। বোয়াল মাছের দাম কেজিতে ৬০০ থেকে ৮০০ টাকা থেকে কমে ৪০০ থেকে ৫০০ টাকায় নেমেছে। তবে পাঙাশ, চাষের কৈ, দেশি কৈ, চাষের শিং, টেংরা, চিংড়ি ও ভেটকি মাছের দাম আগের সপ্তাহের মতোই রয়েছে; এসব মাছ কেজিপ্রতি যথাক্রমে ১৭০ থেকে ২০০, ২০০ থেকে ২২০, ৫০০ থেকে ৬০০, ৫০০ থেকে ৬০০, ৫০০ থেকে ৫৫০, ৬৫০ থেকে ৭৫০ এবং ৪০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আমিষের অন্যতম উৎস ডিমের বাজারে এখনো কোনো স্বস্তি নেই। প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে সামনের সপ্তাহের মধ্যে দাম কমতে পারে বলে ডিম ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেছেন। মাংসের বাজারেও দামের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা, কক মুরগি ২৪০ থেকে ২৪৫ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস এক হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতাদের প্রতিক্রিয়া কিছু পণ্যের দাম কমলেও সামগ্রিক বাজারদর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
বাজার করতে আসা রেজা গাজী বলেন, বাজারের অবস্থা এখনো আগুন। অনেক সবজির দাম বেশি হওয়ায় কিনতেই পারছি না। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে। মাছের বাজারেও একই অবস্থা; যে মাছ আগে ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা এক হাজার ২০০ টাকাতেও মিলছে না।
আরেক ক্রেতা সিয়াম মোল্লা বলেন, আগে যে টাকায় পুরো সপ্তাহের বাজার করা যেত, এখন সেই টাকায় কয়েক দিনের বাজারও হচ্ছে না। মাছ-মাংস কিনতে গিয়েও হিমশিম খাচ্ছি।
আজরিন বেগম নামের এক ক্রেতা বলেন, আয়ের সঙ্গে ব্যয়ের কোনো মিল থাকছে না। সংসারের খরচ সামলাতে গিয়ে প্রয়োজনীয় অনেক পণ্যই এখন কমিয়ে দিতে হচ্ছে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.