
কেশবপুর( যশোর) প্রতিনিধি:
গ্রামীণ ব্যাংকের কার্যক্রম, ঋণ প্রদান পদ্ধতি ও ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন দর্শন সম্পর্কে গ্রাহকদের স্বচ্ছ ধারণা দিতে এবং গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে যশোরের কেশবপুরে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় গ্রামীণ ব্যাংক কেশবপুর শাখা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় গ্রামীণ ব্যাংকের কার্যক্রম, গ্রাহকসেবা, ঋণ ব্যবস্থাপনা এবং বর্তমান সময়ে ব্যাংকটি সম্পর্কে বিভিন্ন মাধ্যমে প্রচারিত তথ্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তবে ঋণ প্রদানের ক্ষেত্রে রয়েছে একটি বিশেষ পার্থক্য। প্রচলিত ব্যাংকগুলোতে ঋণ গ্রহণের ক্ষেত্রে সাধারণত জামানত দিতে হয়, কিন্তু গ্রামীণ ব্যাংক জামানত ছাড়াই গ্রাহকদের ঋণ প্রদান করে। এটিই গ্রামীণ ব্যাংকের অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য। ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মূল দর্শন হলো প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করা।
সভায় বক্তব্যে যশোর জোনের জোনাল ম্যানেজার দেবাশীষ কর্মকার বলেন, গ্রামীণ ব্যাংককে নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য প্রচারিত হচ্ছে। এসব তথ্যের কারণে অনেক গ্রাহকের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই গ্রাহকদের প্রকৃত কার্যক্রম ও ব্যাংকের নীতিমালা সম্পর্কে সরাসরি ধারণা দেওয়ার জন্যই এ মতবিনিময় সভার আয়োজন। গ্রামীণ ব্যাংক দীর্ঘদিন ধরে গ্রাহকদের সঙ্গে নিয়ে কাজ করছে। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই ব্যাংকটির এগিয়ে চলার অন্যতম শক্তি। তিনি গ্রাহকদের যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করার এবং প্রয়োজনে সরাসরি ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক তথ্য জেনে নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে ড.মুহাম্মদ ইউনূস এর উদ্যেগে তবে ব্যাংকের মালিক ৯০% প্রান্তিক ঋণ গ্রহীতা সদস্যরা ও ১০% মালিক সরকার।
সভায় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের অন্যান্য ব্যাংকের মতোই একটি আর্থিক প্রতিষ্ঠান।
কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল তাঁর বক্তব্যে বলেন, একটি প্রতিষ্ঠানের বিষয়ে কোনো তথ্য প্রচারিত হলে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে গ্রাহকদের মধ্যে যেন অযথা উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম ও গ্রাহকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো স্বচ্ছভাবে তুলে ধরার পাশাপাশি গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা গ্রামীণ ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ব্যাংকের কার্যক্রম সম্পর্কে কোনো প্রশ্ন বা সংশয় থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের জোনাল অডিট অফিসার মোঃ ইস্রাকুল হোসেন, মনিরামপুর এরিয়া ম্যানেজার মোঃ আশরাফুল হক এবং গ্রামীণ ব্যাংক কেশবপুর শাখার ব্যবস্থাপক শেখ জাকির হোসেনসহ শাখার গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভায় গ্রাহকদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। পারস্পরিক যোগাযোগ ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.