Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Business

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের অভিযোগ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। বুধবার রাত থেকে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, […]

Read on Khulna Gazette Link copied
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের অভিযোগ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
Photo: Khulna Gazette

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। বুধবার রাত থেকে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে টাকা তুলতে কিংবা স্বজনদের কাছে টাকা পাঠাতে না পেরে অনেকেই এজেন্টের দোকান থেকে ফিরে যাচ্ছেন। এতে একদিকে যেমন দৈনন্দিন প্রয়োজন মেটাতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, অন্যদিকে আয় কমে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন মোবাইল ব্যাংকিংয়ের ক্ষুদ্র উদ্যোক্তারাও।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকায় বিকাশ, রকেট, নগদ ও উপায় এজেন্টের দোকানে গিয়ে দেখা যায়, অনেক গ্রাহক মোবাইলে লেনদেন বন্ধের বার্তা পেয়ে টাকা তুলতে বা পাঠাতে এসে ফিরে যাচ্ছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর ওপর নির্ভরশীল নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ বেশি বিপাকে পড়েছেন।

সাধারণ গ্রাহকদের অভিযোগ, মোবাইল ব্যাংকিং এখন শুধু টাকা পাঠানো বা তোলার মাধ্যম নয়; বরং গ্রাম ও শহরের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। কৃষকের বীজ কেনা, শিক্ষার্থীদের মেসের খরচ, পরিবারের চিকিৎসা ব্যয় কিংবা প্রবাসী ও কর্মজীবী স্বজনদের পাঠানো অর্থ—অনেক প্রয়োজনই এখন এ সেবার ওপর নির্ভরশীল। ফলে হঠাৎ লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সীমিত আয়ের মানুষ।

এ অবস্থায় সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে হলেও মোবাইল ব্যাংকিং লেনদেন চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের মতে, কোনও অনিয়ম বা নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রয়োজন হলে তা যাচাই-বাছাই করে করা যেতে পারে। তবে এর প্রভাব যেন সাধারণ গ্রাহক, কৃষক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

শহরের চা বিক্রেতা সুলতান সিকদার বলেন, আমি চায়ের দোকান চালিয়ে সংসার চালাই। অনেক সময় আমাকে বিকাশে লেনদেন করতে হয়। কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে দেখি, সেবা বন্ধ। এখন টাকা তুলতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছি।

রঘুনাথপুর গ্রামের কৃষক সুবল রায় বলেন, আমি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। আমার জমির জন্য সবজির চারা ও কীটনাশক কিনতে হবে। এ কারণে শহরে এসে বিকাশ থেকে টাকা তুলতে যাই। কিন্তু এসে দেখি, আমার অ্যাকাউন্ট বন্ধ। এখন কীভাবে চারা ও কীটনাশক কিনব, ভেবে পাচ্ছি না। সময়মতো চারা রোপণ করতে না পারলে আমার ক্ষতি হবে।

স্থানীয় ব্যবসায়ী পবিত্র বিশ্বাস জানান, তার ছেলে ঢাকায় থেকে পড়াশোনা করে। রাতে ফোন করে ছেলে মেসের খাবারের বিল পরিশোধের জন্য টাকা চায়। সকালে টাকা পাঠাতে গিয়ে মোবাইলে একটি বার্তা দেখতে পান তিনি। বার্তায় লেখা ছিল, ‘স্যার/ম্যাডাম, MFS বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

পরে ঢাকাগামী একটি বাসের সুপারভাইজারের কাছে অনুরোধ করে ১০০ টাকা অতিরিক্ত দিয়ে ছেলের কাছে দুই হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করেন তিনি।

এএসআর জান্নাতুল ফেরদৌস অন্তরা নামের এক নারী ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, যেহেতু গোপালগঞ্জের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, পুলিশি সেবা বন্ধ, বিকাশ, নগদসহ সব ধরনের সেবা বন্ধ করে দেয়া হয়েছে। বিদ্যুৎও বন্ধ হতে পারে। তাহলে আমাদের এখন কী করা উচিত? গোটা দক্ষিণবঙ্গ আটকে দেয়া উচিত গোপালগঞ্জবাসীর।

চৌরঙ্গী রোডের এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ছোট ব্যবসা করে সংসার চালাই। মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বন্ধ থাকলে আমাদের আয়ও বন্ধ হয়ে যায়। সব ধরনের লেনদেন বন্ধ না করে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা যেতে পারে। প্রয়োজনে যেসব নম্বরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সেগুলো যাচাই করে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন ভোগান্তিতে না পড়েন।

বিকাশ এজেন্ট বুলবুল মোল্লা বলেন, আজ সারাদিনে ব্যবসা অনেক কম হয়েছে। জেলার অধিকাংশ বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকায় গ্রাহক আসছেন কম। ফলে আমাদের আয়-রোজগারও কমে গেছে। বিকাশের পাশাপাশি নগদ, উপায় ও রকেটের কিছু অ্যাকাউন্টেও লেনদেনের সমস্যা হচ্ছে। যাদের বড় অঙ্কের লেনদেন রয়েছে, মূলত তাঁদের অ্যাকাউন্ট বন্ধ রয়েছে বলে জানতে পেরেছি।

রকেট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান বলেন, রকেট অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে সরকারি বা অফিসিয়াল কোনও সিদ্ধান্ত পাইনি। তবে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার অভিযোগ পেয়েছি। গ্রাহকদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলেছি। কী সমস্যা তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজীব বলেন, কোনও এজেন্ট নম্বর বন্ধ হয়নি। তবে গোপালগঞ্জের এনআইডি কার্ড দিয়ে যেসব অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেসবের অধিকাংশে এ ধরনের সমস্যা হয়েছে। আমাদের ধারণা, যেসব অ্যাকাউন্টে বেশি লেনদেন হয়েছে, সেগুলো নজরদারিতে রাখার জন্য সরকার হয়তো এ সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও তাদের কেউই ফোন রিসিভ করেননি।

এ দিকে এনবিআরের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা সংস্থা। যেসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ কারণে তাদের অর্থ লেনদেন খতিয়ে দেখতে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেনও পর্যালোচনা করা হবে।

গত কয়েক দিনে এসব হিসাব জব্দ করা হয়েছে। উপজেলাভিত্তিক হিসাবে গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন, কোটালীপাড়ার ৩২ জন, মুকসুদপুরের ১৪ জন এবং কাশিয়ানীর ১৯ জন করদাতা রয়েছেন।

একের পর এক সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে মোবাইল আর্থিক সেবাতেও। মোবাইল ব্যাংকিং সেবা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন লেনদেন, টাকা পাঠানো ও উত্তোলনে সমস্যায় পড়ছেন গ্রাহকরা।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original