ক্লাস বাদ দিয়ে মিছিলে অংশ নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের দায়িত্ব শ্রেণিকক্ষে পাঠদান করা। কিন্তু অনেক শিক্ষক সেই দায়িত্ব পালন না করে মিছিল-মিটিংয়ে যোগ দেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, লেখাপড়ার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি ও পরীক্ষায় নকল বরদাশত করা হবে না। অনেক শিক্ষক বিদ্যালয়ে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। এ বিষয়ে সরকার নজর রাখছে। শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদান করতে হবে। ক্লাস বাদ দিয়ে মিছিলে অংশ নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ তৈরি করা তার দায়িত্ব। কিন্তু অনেক শিক্ষক নিজেদের কর্তব্য পালন না করে মিছিল-মিটিংয়ে যোগ দেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষক নেতাদের যোগ্যতা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষক নেতা হতে হলে তার শিক্ষাগত যোগ্যতা ও ফলাফল ভালো হতে হবে। নকল সনদ দিয়ে শিক্ষক নেতা হওয়া যাবে না। শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সমাজের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে।
নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুল খালেক, নাটোর জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.