কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম সানজিদা হামীম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিস্ফোরণে আহত হওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয়। এ ঘটনায় আহত অটোরিকশাচালকের পরিচয় জানা যায়নি।
ঘটনার বর্ণনা দিয়ে সানজিদা হামীম জানান, গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। আমি ভয় পেয়ে যাই। ককটেলটি বিস্ফোরিত হয়ে আমার পায়ে এসে লাগে।
আহত অটোরিকশাচালক জানান, আমি রিকশার ওপর বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়, চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। একটি ককটেল বিস্ফোরিত হয়ে আমার ঘাড়ে এসে লাগে। এতে আমার ঘাড় ছিলে যায়।
ককটেল নিক্ষেপকারীকে দেখেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি কাউকে দেখিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন জানান, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের কাছ থেকে জানতে পারি, সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ফলে ধোঁয়া সৃষ্টি হওয়ায় তারা কাউকে শনাক্ত করতে পারেননি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হবে। পাশাপাশি বিষয়টি কোতোয়ালি, সদর দক্ষিণ ও কোটবাড়ি থানাকে অবহিত করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.