মেহেরপুর নিউজ:
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত পরিচালক (ম্যানেজমেন্ট অনুবিভাগ) ড. মো. মহিবুল হাসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ৬ নভেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল মেহেরপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার মাত্র ৯ দিনের মাথায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পায় বিশ্ববিদ্যালয়টি।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইংরেজি—এই দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি চলছে। প্রতিটি বিভাগে ৪০টি করে মোট ৮০টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
এ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হয়েছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়। এর ফলে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির নির্ধারিত দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হতে পারে। এ বিষয়ে বিস্তারিত সময়সূচি ও আবেদনসংক্রান্ত তথ্য পরবর্তীতে জানানো হবে।
The post মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত অনুমোদন appeared first on Meherpur News.
Continue reading at Meherpur News
This story was collected by Khulna Info and links back to the original publisher.