আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত, সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের দায়মুক্তি বন্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভা বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কাইফেং রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। প্রধান আলোচক ছিলেন ব্লাস্ট খুলনা ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট ফাতেমা খন্দকার রিমা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সরদার আবু তাহের।
দিবসের আলোচনায় বক্তারা বলেন, বিশ্বে প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো সময়ে সহিংসতার শিকার হন। বিশ্বজুড়ে ২০২৫ সালে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু স্বজনদের হাতে খুন হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে হত্যা করা হয়েছে ১২৯ জনকে। যা প্রতি ঘণ্টায় গড়ে প্রায় পাঁচজন। এদের মধ্যে এশিয়ায় ১৫ হাজার ১০০, আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন নিহত হয়েছেন।
বক্তারা বলেন, নির্যাতনের শিকার অনেক নারী ভয়, সামাজিক অপবাদ, বৈষম্য ও যথাযথ সহায়তার অভাবে ঘটনা প্রকাশ করতে কিংবা বিচার চাইতে পারেন না। ফলে সহিংসতার ঘটনা অনেক ক্ষেত্রে আড়ালে থেকে যায় এবং অপরাধীরা জবাবদিহির বাইরে থেকে যায়। এ পরিস্থিতিতে নির্যাতনের শিকার নারীদের জন্য নিরাপদ অভিযোগ ব্যবস্থা, আইনি সহায়তা ও কার্যকর সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সংগঠনের যুগ্ম সম্পাদক মোল্লা মারুফ রশীদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুস সালাম শিমুল, সমাজকল্যাণ সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ আলমগীর হোসেন খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ হাসানুর রহমান তানজির, সাংস্কৃতিক সম্পাদক বিমল মল্লিক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কচি এবং নির্বাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান খান, আলমগীর কবীর রুবেল, খান হাবিবুর রহমান,সাংবাদিক রাজু হাওলাদার প্রমূখ।
সভার দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ৯ ডিসেম্বর সকাল ১০ টায় খুলনা প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত ও তা সফলে একটি উপ কমিটি গঠন করা হয়। এছাড়া সংগঠনের নতুন সদস্যদের মধ্যে পরিচয়পত্র ও সনদ বিতরণ করা হয়।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং সংগঠনের অসুস্থ সদস্য ও পরিবারের সদস্যদের আরোগ্য কামনায় দোয়া করা হয়।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.