যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে বসতঘরে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরে ঢুকে নগদ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার ও জরুরি কাগজপত্র নিয়ে গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে দোপাদী গ্রামের চা দোকানদার নাজমুল মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, রাতের কোনো এক সময় চোরেরা বাড়ির দেয়ালে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। পরে ঘরের ভেতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। সকালে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন নাজমুল মোল্যার অসুস্থ মা কহিনুর বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ছেলের সব শেষ হয়ে গেছে। গরু বিক্রি করে যে ২০ হাজার টাকা রেখেছিল, সেটাও নিয়ে গেছে। স্বর্ণালংকার ও জরুরি কাগজপত্রও নেই। আমি অসুস্থ মানুষ। এই টাকা দিয়ে আমার চিকিৎসা করানোর কথা ছিল। এখন আমার চিকিৎসাও আর হবে না।’
হঠাৎ এমন চুরির ঘটনায় পরিবারটি চরম আর্থিক সংকট ও নিরাপত্তাহীনতায় পড়েছে। বিশেষ করে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য জমানো টাকা হারিয়ে পরিবারটির দুর্ভোগ আরও বেড়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। রাতের বেলায় বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।
খুলনা গেজেট/এনএম
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.