ডেস্ক রিপোর্ট :
যেসব জমিতে আগে আমন ধানের চাষ হতো, সেগুলোতে এখন বছরের পর বছর পানি জমে থাকে। বর্ষা শেষ হলেও পানি নামে না। চলতি বছর এই জলাবদ্ধতার কারণে সাতক্ষীরা জেলার সাড়ে ১২ হাজার হেক্টরের বেশি জমিতে আমন ধানের চাষ করা যায়নি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫ থেকে ৩০ হাজার কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সদর, কলারোয়া, তালা, আশাশুনি ও শ্যামনগর উপজেলার ১২ হাজার ৬৮৫ হেক্টর কৃষিজমিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। এসব জমির অনেকগুলোতে দীর্ঘ বছর ধরে আমন চাষ বন্ধ রয়েছে। কোথাও শুধু বোরো ধান হয়, কোথাও কোনো ফসলই ফলানো যায় না। এতে জমি থাকা সত্ত্বেও কৃষকরা ফসল উৎপাদন করতে পারেন না। তাদের আয় কমে গেছে। এর প্রভাব পড়েছে কৃষি শ্রমিকদের ওপর। কাজ না পেয়ে তাদের বেকার থাকতে হচ্ছে। চারণভূমির অভাবে গবাদিপশু পালনও কঠিন হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তালা উপজেলার শাকদাহ বিলের অনেক জমিতে গত আট থেকে দশ বছর ধরে আমন ধানের চাষ করা যায় না। ওই বিলের কৃষক সোহরাব হোসেন জানান, তার জমিতে একসময় প্রচুর আমন ধান হতো। এখন বর্ষার পানি সময়মতো না নামায় চাষ করা সম্ভব হয় না। কিছু জমিতে বছরে শুধু বোরো ধান চাষ করা যায়। এতে তিনি একটি মৌসুমের ফসল থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি আরও জানান, জলাবদ্ধতার কারণে গবাদিপশু পালন করাও কঠিন হয়ে পড়েছে। আগে বিলের মাঠে গরু, ছাগল ও মহিষ চরানোর জায়গা ছিল। এখন সেই জায়গা পানিতে ডুবে থাকে। যেসব পরিবার কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু পালন করে সংসার চালাত, তারাও সমস্যায় পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি ও শ্যামনগর উপজেলায় ১২ হাজার ৬৮৫ হেক্টর কৃষিজমিতে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর মধ্যে তালা উপজেলায় সবচেয়ে বেশি ৭ হাজার ৬৫ হেক্টর, সদরে ৩ হাজার ৭৩০ হেক্টর, কলারোয়ায় ১ হাজার ৩৬০ হেক্টর, আশাশুনিতে ৪৫০ হেক্টর এবং শ্যামনগরে ৮০ হেক্টর জমি।
কৃষকদের অভিযোগ, অনেক এলাকায় খাল দিয়ে পানি বের হতে পারে না। কোথাও খাল ভরাট হয়ে গেছে, কোথাও পানি চলাচলের পথ বন্ধ। আবার কোনো কোনো খাল দখলে থাকায় কৃষিজমির পানি সরানোর সুযোগ নেই। ফলে বৃষ্টি হলেই জমিতে পানি জমে থাকে। সেই পানি সময়মতো না নামায় আমন চাষের মৌসুম পার হয়ে যায়।
কৃষক আন্দোলন কমিটির কেন্দ্রীয় নেতা আশেক-এলাহী বলেন, ‘সাতক্ষীরার মানুষের বছরজুড়ে দুর্যোগের মোকাবিলা করতে হয়। অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। জমিতে ফসল ফলাতে না পারায় তাদের আয় কমছে। এ ছাড়া মাছ চাষ, গবাদিপশু পালন ও বসতবাড়িতেও এর প্রভাব পড়ছে।’
তিনি বলেন, জলাবদ্ধতা কমাতে হলে নদী ও খাল খনন করতে হবে। বিলে থাকা সরকারি খালগুলো পানি চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। অনেক খাল দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। এসব খাল দিয়ে পানি বের হতে না পারায় জলাবদ্ধতা বাড়ছে। খাল দখলমুক্ত না করলে এবং নদী-খাল খনন করে পানির স্বাভাবিক চলাচল নিশ্চিত না করলে কৃষকের জমি চাষের উপযোগী করা কঠিন হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ বলেন, সাতক্ষীরার মানুষের জীবিকার বড় একটি অংশ কৃষির ওপর নির্ভরশীল। আমন ধান এ অঞ্চলের কৃষকদের গুরুত্বপূর্ণ ফসল। কিন্তু দীর্ঘদিন পানি জমে থাকায় সময়মতো ধানের চারা রোপণ করা যাচ্ছে না। এতে কৃষকরা শুধু ধান উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন না, জমি তৈরি, বীজ, সার ও শ্রমিকের পেছনে খরচ করা টাকাও তুলতে পারছেন না।
তিনি জানান, গত বছর কয়েকটি খাল পুনঃখননের কারণে চলতি মৌসুমে জেলায় আমন ধানের আবাদ প্রায় ৪৫০ হেক্টর বেড়েছে। তবে অনেক জমি এখনো পানির নিচে থাকায় সব এলাকায় চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। খাল খনন ও পানি সরানোর ব্যবস্থা করা গেলে আরও জমিতে আমন চাষ করা সম্ভব হবে।
#
The post পানির নিচে আমনের খেত, ক্ষতির মুখে সাতক্ষীরার ৩০ হাজার কৃষক appeared first on Voice of Satkhira.
Continue reading at Voice of Satkhira
This story was collected by Khulna Info and links back to the original publisher.