Tuesday, November 24, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Education

সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। […]

Read on Khulna Gazette Link copied
সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
Photo: Khulna Gazette

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন,অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

এর আগে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ১৭ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করেন হাইকোর্ট।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

একইসঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাড়ে ৩ লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন, যাদের ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। এই সাড়ে ৩ লাখ পরীক্ষার্থীর সম্পূরক ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। হাইকোর্ট ওই সাড়ে তিন লাখ শিক্ষার্থীর কথা বিবেচনা করে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী, যার ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভা করেছে ইউজিসি। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একইসঙ্গে ১ জানুয়ারির পর ভর্তির আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়। ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচিতেই পরীক্ষার কথা জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original