পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসাকে মহান রাব্বুল আলামীনের কালাম, পবিত্র কুরআন শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানটি খুলনার ঐতিহ্যবাহী একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের প্রিয় নবীর আদর্শ ধারণ করে নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবেন এবং আগামীতে সমাজের নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় মাদরাসা ময়দানে আয়োজিত পবিত্র কুরআনুল কারীমের ছবক ও খতম এবং সমাপনী শিক্ষার্থীদের দু’য়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসা এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রশাসক আরও বলেন, ভালো মানুষ গড়তে পারলে ভালো সমাজ পাব, ভালো রাষ্ট্র পাব। ধর্মীয় এ শিক্ষা প্রতিষ্ঠানটি নানা ধরনের প্রতিকূলতা পেরিয়ে অক্লান্ত পরিশ্রমে সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলছে। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং মহান সৃষ্টিকর্তার প্রদর্শিত পথে সমাজ গড়ার জন্য মহান রাব্বুল আলামীনের সাহায্য কামনা করেন। প্রশাসক এ মাদরাসার প্রতিষ্ঠাতা এবং এর সম্প্রসারণে যারা ভূমিকা রেখেছেন তাদের সকলের জন্য দোয়া করেন এবং মাদরাসাটির উন্নয়নে সিটি কর্পোরেশন থেকে সম্ভব সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে নূরানী দ্বিতীয় শ্রেণির ৭০জন শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান, তৃতীয় শ্রেণির ৭৩জন শিক্ষার্থীর কুরআনুল কারীমের খতম সম্পন্ন এবং পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ সালে নূরানী তালিমুল কুরআন বোর্ড ঢাকা এর অধীনে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা, ক্যাডেট কেয়ার বৃত্তি পরীক্ষা, ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর বোর্ড পরীক্ষায় সমগ্র বাংলাদেশে দেশসেরা স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি, সম্মাননা স্মারক ও পুরস্কৃত করা হয়। প্রশাসক শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হাফেজ আব্দুল্লাহ মোড়ল খোকন-এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওঃ মুহাঃ ফজলুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী মুস্তাকিম বিল্লাহ।
উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মো. মাহমুদ আলম বাবু মোড়ল, এম এ সবুর, মো. সিরাজুল ইসলাম ও শেখ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. সেলিম আল আজাদ, কেসিসি’র সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, বর্তমান শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মো. আব্দুস সালাম ফারাজী প্রমুখ।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.