
গোপালগঞ্জকে অবরুদ্ধ করতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই অবরুদ্ধ হয়ে পড়েছে। বিএনপি করায় মুকসুদপুর রাজপাট গ্রামের চার হিন্দু বাড়ি শেষ হয়ে গেছে। গত দুই দিনে তথা সোমবার ও মঙ্গলবার গোপালগঞ্জ, কাশিয়ানী ও মুকসুদপুর জেলা-উপজেলার বিভিন্ন জায়গায় ছোটখাটো দুই-একটি ঘটনা ছাড়া বড় কোনো ঘটনার খবর পাওয়া না গেলেও চিকিৎসাসেবা, স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক হতাশা লক্ষ্য করা গেছে।
গোপালগঞ্জের সাধারণ মানুষ বলছেন, গোপালগঞ্জকে অবরুদ্ধ করতে গিয়ে আমরা নিজেরাই অবরুদ্ধ হয়ে পড়েছি। আজ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিশেহারা। একটু পরপরই জেলা সদরসহ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও ভাটিয়াপাড়া এলাকার প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এলাকার জানমাল রক্ষায় তাদের মোটেও কার্পণ্য নেই। দিনরাত তারা রাষ্ট্রের দায়িত্ব পালনে যেন নিবেদিতপ্রাণ। আলফাডাঙ্গার সংবাদকর্মী আবু বকর সিদ্দিক ইনকিলাবকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যে এত ধৈর্য ধরতে পারে, তা গোপালগঞ্জের অবস্থা না দেখলে বুঝতাম না।
দলের অভ্যন্তরীণ কোন্দল ও সাধারণ মানুষের ভোগান্তি
আদি গোপালগঞ্জের বাসিন্দা কাশিয়ানী হাসপাতাল মোড় এলাকার মনির মিয়া বলেন, আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা নিজেরাই। দলের মধ্যেই মিল নেই, সিনিয়র-জুনিয়র মান্যতা নেই। সবাই রাস্তায় নেমেছে একটি ইস্যু নিয়ে—হাসিনা আপাকে দেশে ফেরাতে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলে তার দেশে আসার বিষয়টি নিশ্চিত করা। অথচ আমরা কী করছি, নিজের ঘরের সামনে থানা, ফাঁড়ি, হাসপাতাল ও ব্যাংক-বিমায় আগুন দিয়ে নিজেরাই নিরাপত্তাহীন হয়ে পড়ছি। সামান্য কথাও কারো গায়ে সয় না।
একজন আরেকজনের প্রতি তেড়ে আসে। শুধু নেতৃত্বের আগের সারিতে থাকতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার কারণে মিছিল-মিটিংয়ের অগ্রভাগে থাকা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ, সংঘর্ষ, হামলা, দোকানপাট ভাঙচুর ও লুটের ঘটনা ঘটছে। গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়ায় এই নিয়েই ঘটনার সূত্রপাত হয়।
এই ঘটনা বাসি না হতেই একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় গোপালগঞ্জ সদরের লঞ্চঘাট এলাকায় কথা-কাটাকাটি নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি, ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ ও গোলাগুলি হয়। গুলি বিনিময়কালে চারজন গুলিবিদ্ধসহ আওয়ামী লীগের দুই গ্রুপের ১৫ থেকে ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট ও বাড়িঘর।
অপরদিকে কোটালীপাড়ার সংঘর্ষের ঘটনায়ও কমপক্ষে ১০ জন আহত হয়। সেখানেও বাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিনে একই সময়ে পৃথক দুটি ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার নেই, ভর্তির ব্যবস্থা নেই, সিট নেই, বেড নেই, এমনকি বিছানা-বালিশও কিছু নেই। গোলাগুলিতে আহত-নিহতদের অভিযোগ দেওয়ার থানা নেই, পুলিশ নেই, চিকিৎসা দেওয়ার সিনিয়র ডাক্তারও নেই। হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার বাহনও পাওয়া যায় না। ভয়ে অটোরিকশা ডাকলেও আসে না। এই অবস্থার মধ্যে গোটা গোপালগঞ্জবাসী অবরুদ্ধ অবস্থায় আছেন।
আইনশৃঙ্খলা বাহিনী বা বিএনপির সঙ্গে সংঘর্ষ নেই
চলমান আন্দোলনের টানা ১০ দিনে গোপালগঞ্জ জেলাসহ কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অথবা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো সাংঘর্ষিক ঘটনার খবর জানা যায়নি।
এলাকাবাসী বলাবলি করছেন, গোপালগঞ্জ সদর উপজেলার পর এবার কোটালীপাড়ায়ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই পা দিয়ে নিজেদের পায়ে কুড়াল মারল। কথাগুলো শুনে গোপালগঞ্জের ছাত্রলীগ কর্মী মো. সোহানও এতে সায় দেন।
Continue reading at Dainik Khulna 24
This story was collected by Khulna Info and links back to the original publisher.