উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাকে কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের নিয়ে সম্মিলন আয়োজন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের। অধ্যক্ষ সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি যোগাযোগ ও সমন্বয় বাড়ানো হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, পাঠ্যক্রম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি বিষয়ের পাঠ্যক্রম সংস্কারের কাজ চলছে। মোট ৪ হাজার ২০০টি কোর্সের মধ্যে ৫৫০টির সংস্কার শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের পাঠ্যক্রম সংস্কারের লক্ষ্য রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, তথ্য প্রক্রিয়াকরণ, ফ্রিল্যান্সিং ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিষয় যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, অধিভুক্ত কলেজের ১২ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে সাড়ে তিন হাজার শিক্ষকের প্রশিক্ষণ শেষ হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৭টি কলেজে ভাষা ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। চলতি বছরের মধ্যে আরও ১০০টি ভাষা ক্লাব প্রতিষ্ঠার কাজ চলছে।
অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, বর্তমান প্রশাসনের সময়ে ২২১টি পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ করা হয়েছে। এসব পরীক্ষায় অংশ নিয়েছেন ৬১ লাখ ২৮ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী। দীর্ঘদিনের সেশনজট ইতোমধ্যে এক বছর কমানো হয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। পরীক্ষার কারণে কলেজের নিয়মিত পাঠদান যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রাথমিকভাবে ৩০০টি উপজেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ৫০০টি উপজেলায় এ ধরনের কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা পুনরায় চালু করা হয়েছে বলেও জানান তিনি।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.