সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় চব্বিশের গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। একই সাথে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত পাঠানোর দাবি জানান তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর কে. ডি. ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে খুলনা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
বক্তব্যে আজিজুল বারী হেলাল অভিযোগ করেন, গত ১৭ বছরে হত্যা, নির্যাতন ও অর্থপাচারের পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতাপ বা অনুশোচনা নেই, বরং তারা আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমেও সংগঠনটি নিষিদ্ধ হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ প্রাণ হত্যার পরও দলটির মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। ইতিহাসের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানে পরাজিতরা আর রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারে না।
খুলনা-৪ আসনের এই সংসদ সদস্য দাবি করেন, দুটি দেশের মধ্যে যুদ্ধ হলেও কোনো দেশ আরেক দেশের হাসপাতালে হামলা করে না। অথচ এই সংগঠন হাসপাতাল ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে, সংসদ সদস্যদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে এবং জনগণের জানমালের নিরাপত্তা নষ্ট করে হয়রানি করছে।
দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পকে অশান্ত করা হচ্ছে বলে অভিযোগ করে হেলাল বলেন, অতীতে খুলনার ঐতিহ্যবাহী ‘সোনালী আঁশ’ খ্যাত পাটশিল্পকে যেভাবে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে পশ্চিমবঙ্গে সরিয়ে নেওয়া হয়েছিল, ঠিক একইভাবে এখন গার্মেন্টস খাতকে ধ্বংস করে রপ্তানি বাজার অন্য দেশে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে।
ভারতের ভূমিকার সমালোচনা করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সন্ত্রাসের পথ বেছে নিতে ভারত তার ভূখণ্ড ও প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ করে দিচ্ছে এবং স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত পাঠাতে হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে।
ভারতীয় গণমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে দাবি করে হেলাল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সংখ্যালঘু নির্যাতনের একটি উদাহরণও কেউ দেখাতে পারবে না। অন্যদিকে ভারতে গরু রক্ষার নামে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেদিকে নজর না দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ ছাড়া টেলিভিশনের টক-শো ও সংবাদপত্রের কলামে যারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন, তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ প্রকাশ করে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে উল্লেখ করে আজিজুল বারী হেলাল বলেন, তারেক রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেই আহ্বানে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মোকাবিলা করতে হবে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
খুলনা গেজেট/এএজে
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.