রাহাত আলী,মনিরামপুর : যশোরের দুঃখ ভবদহ অঞ্চলের প্রায় ১২ লাখ মানুষের কান্না আর দীর্ঘদিনের জলাবদ্ধতার যন্ত্রণা ঘোচাতে সরেজমিনে মাঠে নেমেছেন সরকারের পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব। শনিবার দিনভর দফায় দফায় মতবিনিময় ও জলাবদ্ধ এলাকা ঘুরে দেখেন তারা। তবে চলমান প্রকল্পের পাশাপাশি স্থায়ী সমাধানে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালুর জোর দাবি উঠেছে। একই সঙ্গে অতীতের বরাদ্দের অনিয়ম ও অর্থের অপচয় বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয় অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা। যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে সভায় অংশ নেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি।
সভায় পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ চলায় ভবদহবাসীর দুর্ভোগ কিছুটা কমেছে। চলমান কাজগুলো শেষ হলে পরিস্থিতির আরও উন্নতি হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, জলাবদ্ধতায় প্রতিবছর ফসল হারিয়ে সর্বস্বান্ত হচ্ছেন হাজারো কৃষক। দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত হলে কৃষি উৎপাদনে বড় পরিবর্তন আসবে।
তবে প্রচলিত প্রকল্পকে স্থায়ী সমাধান মানতে নারাজ ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, ‘শুধু সেচ প্রকল্প দিয়ে ভবদহের মুক্তি মিলবে না। ভরাট হয়ে যাওয়া নদী-খাল খননের পাশাপাশি বিলগুলোতে জোয়ার-ভাটা বা টিআরএম চালু করতে হবে।’ ক্ষোভ প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ‘বছরের পর বছর বরাদ্দের নামে অর্থের অপচয় ও অনিয়ম হলেও ভুক্তভোগীরা সুফল পাননি। তাই প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি।’
সভায় কেশবপুর -৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী, মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার কাজী রফিকুল ইসলাম,মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভবদহ এলাকার নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে বিকেলে মন্ত্রী ও সচিবসহ কর্মকর্তারা ভবদহ অঞ্চল সরেজমিন পরিদর্শন করেন। পরে ভবদহ কলেজ প্রাঙ্গণে পানিবন্দি অসহায় মানুষের কথা শোনেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।
Continue reading at Dainik Jessore
This story was collected by Khulna Info and links back to the original publisher.