মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। হত্যার হুমকির অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করেন বাদী।
তবে সোমবার আবেদনটির শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার কথা ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও তিনি হাজির হননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
আইনজীবী আরও জানান, আদালতের বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আবেদনটির শুনানি সম্ভব হয়নি। আগামী ১৪ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও তানজিন তিশা আদালতে উপস্থিত হননি। এ ছাড়া মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন সানায়া আনাম। এসব বিষয় উল্লেখ করে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
মামলার সূত্রপাত গত বছরের ২৭ নভেম্বর। ওই দিন তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া আনাম। বাদীর অভিযোগ, মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য তাকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়েছে। এমনকি গত বছরের ৭ নভেম্বর ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি আবেদন করলে রবিবার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
সানায়া আনামের অভিযোগ, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে পল্লবীতে তার বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলে তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য পাওয়া যায়নি। গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনটির শুনানি আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খুলনা গেজেট/উউরা
Continue reading at Khulna Gazette
This story was collected by Khulna Info and links back to the original publisher.