Thursday, November 26, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Technology

উপকূলীয় বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

কয়রা : উপকূলীয় বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের স...

Read on Dainik Khulna 24 Link copied
উপকূলীয় বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান
Photo: Dainik Khulna 24

কয়রা :

উপকূলীয় বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় ২৪ ও ২৫ নভেম্বর সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপ্টেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

‘উপকূলীয় প্রতিবেশ ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদের অধিকার সুরক্ষা’ শীর্ষক এ প্রশিক্ষণে স্থানীয় জনগোষ্ঠী, সরকারি কর্মকর্তা, কমিউনিটি সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে সুন্দরবনের জীববৈচিত্র্য, বননির্ভর মানুষের জীবন-জীবিকা, উপকূলীয় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ জোরদারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রধান আলোচক হিসেবে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম বন সংরক্ষণ ও সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) কার্যকারিতা, কমিউনিটি প্যাট্রোলিং এবং গ্রাম সংরক্ষণ ফোরামের (ভিসিএফ) ভূমিকা তুলে ধরেন।

তিনি বলেন, সুন্দরবন ও উপকূলীয় প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বননির্ভর মানুষের সম্পৃক্ততা ছাড়া বন সংরক্ষণের উদ্যোগ দীর্ঘমেয়াদে কার্যকর করা কঠিন। এ জন্য স্থানীয় পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় ও কার্যকর করতে হবে।

এ সময় অংশগ্রহণকারীরা সিএমসি ও ভিসিএফের কার্যক্রমে সীমাবদ্ধতা, অর্থায়নের সংকট, কমিটির নিষ্ক্রিয়তা এবং বননির্ভর মানুষের নানা সমস্যার কথা তুলে ধরেন।

‘আইনগত কাঠামোর মাধ্যমে পরিবেশগত অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সেশনে বেলার আইন সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস. হাসানুল বান্না পরিবেশগত অধিকার, সাংবিধানিক ও আইনগত সুরক্ষা এবং নাগরিকদের আইনগত প্রতিকার পাওয়ার বিভিন্ন দিক আলোচনা করেন।

অন্যদিকে, ‘অন্তর্ভুক্তিমূলক সুশাসন’ শীর্ষক সেশনে বেলার রুমানা আফরোজ দীপ্তি অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক সুশাসনের গুরুত্ব তুলে ধরেন।

প্রশিক্ষণে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পরিদর্শক মো. আশরাফ আলী, শ্যামনগর উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মজিবুর রহমান নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন সরকারি দপ্তরের কাছে স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেন এবং অভিযোগ দায়ের ও জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করেন।

এ ছাড়া সুন্দরবন পর্যটন, অভয়ারণ্য ও অভয়াশ্রমের পার্থক্য, পর্যটন ব্যবস্থাপনা, নৌযানের নিরাপত্তা, পর্যটনসংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে বিরোধ নিরসন এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়।

প্রশিক্ষণে বেলার খুলনা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, ঢাকা কার্যালয়ের সিনিয়র রিসার্চ অফিসার রাইসুল হাসান, খুলনা কার্যালয়ের রিসার্চ অফিসার শাফায়াত উল্লাহ এবং ঢাকা কার্যালয়ের অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাম্পেইন অফিসার মোহাম্মদ সামি রহমান উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা উপকূলীয় বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয় এবং পরিবেশগত অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Original report

Continue reading at Dainik Khulna 24

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original