Saturday, November 28, 2026 Khulna, Bangladesh
24°C Clear sky
Latest
Technology

৫৬ বছরেও ৬ লেন হয়নি খুলনাঞ্চলের তিন মহাসড়ক

বিভাগীয় শহর খুলনার সাথে অন্যান্য জেলার যোগাযোগের অন্যতম যশোর-খুলনা-মোংলা, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ও ভাটিয়াপাড়া-খুলনা মহাসড়ক। স্বাধীনতার ৫৬ বছরেও সড়কগুলির কাঙ্খিত টেকসই উন্নয়ন কিংবা প্রশস্ততা বাড়েনি। উন্নীত হয়নি ৬ লেনে। এদিকে সড়কগুলির […]

Read on Khulna Gazette Link copied
৫৬ বছরেও ৬ লেন হয়নি খুলনাঞ্চলের তিন মহাসড়ক
Photo: Khulna Gazette

বিভাগীয় শহর খুলনার সাথে অন্যান্য জেলার যোগাযোগের অন্যতম যশোর-খুলনা-মোংলা, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ও ভাটিয়াপাড়া-খুলনা মহাসড়ক। স্বাধীনতার ৫৬ বছরেও সড়কগুলির কাঙ্খিত টেকসই উন্নয়ন কিংবা প্রশস্ততা বাড়েনি। উন্নীত হয়নি ৬ লেনে। এদিকে সড়কগুলির বেহাল অবস্থার কারণে মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত বেড়েই চলেছে। খুলনার গুরুত্বপূর্ণ ৬টি জেলা সড়কেরও একই অবস্থা। এছাড়া সড়কগুলিতে প্রতিনিয়ত বাড়ছে যানবাহনের চাপ। কিন্তু বাড়ছেনা প্রশস্ততা।

সওজ সূত্রে জানা গেছে, যশোর-খুলনা-মোংলা সড়ক ৬ লেনে উন্নীতকরণসহ খুলনা-সাতক্ষীরা সড়কের পুনঃসংস্কার রিজিভ পেভমেন্ট, ৬টি জেলা সড়ক ১২ ফিট থেকে ১৮ ফিটে উন্নীতকরণসহ বড় পাঁচটি প্রকল্প মিলে মোট আড়াই হাজার কোটি টাকার প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এর আগেও ২০২১ সালে নগরীর ডাকবাংলা থেকে আফিলগেট পর্যন্ত সড়ক ৬ লেনে উন্নীতকরণের একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা দিলেও তা আলোর মুখ দেখেনি। সড়ক বিভাগ পরিকল্পনা আর প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে। টেকসই সংস্কার না হওয়ায় সড়কগুলি দিয়ে যাতায়াতে মানুষের সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

খুলনা-যশোর মহাসড়ক : দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত অর্থনৈতিক করিডোর খুলনা-যশোর মহাসড়ক। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চললেও সড়কের বিভিন্ন স্থানে খানাকন্দ ও ভাঙন সৃষ্টি হয়েছে। যা যাত্রী ও পরিবহন খাতের জন্য বড় ভোগান্তির কারণ। এছাড়া ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। খানাখন্দ ও অনিরাপদ অবস্থার কারণে প্রায়শ ঘটছে দুর্ঘটনা। সড়কটির ৩৮ কিলোমিটারে গত ৯ বছরে সংস্কার ও পুনর্নির্মাণে খরচ ৫৫৪ কোটির টাকার ঊর্ধ্বে। সংস্কার কাজ শেষ হতে না হতেই ফের সড়কের ভাঙন শুরু হয়। ৩৮ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। কিছুদিন পর পর সংস্কার কাজ হলেও ফের একই অবস্থার সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে ১৮টি রুটের যানবাহন চলাচল করে। ২০১৭ সালে সড়কটি সম্প্রসারণ ও পুনর্নির্মাণে বড় প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের কাজ শেষ হলেও সড়কে স্বস্তি মেলেনি। হস্তান্তরের মাত্র কয়েক মাসের মধ্যে সড়কের বিভিন্ন স্থান ভেঙে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা।

যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বলেন, দীর্ঘদিন সড়কটি অবহেলিত থাকার কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মালামাল পরিবহনের ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভাড়া বেড়ে যাচ্ছে।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৭ সাল থেকে সড়কটি সংস্কারে দুইটি প্রকল্পের মাধ্যমে ৪৮৭ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার টাকা ব্যয় হয়। পরবর্তীতে সড়কের বেহাল অবস্থার কারণে আবারও ২টি প্রকল্পের মাধ্যমে ৬৭ কোটি ১৯ লাখ ৬৬ হাজার টাকার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। নয় বছরের ৫৫৪ কোটি টাকার অধিক খরচ হলেও প্রতিবছর সংস্কার কাজ করতে হচ্ছে। মানুষের ভোগান্তি শেষ হচ্ছে না। প্রতিনিয়ত গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। ঘটছে দুর্ঘটনা। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এবং সাতক্ষীরার ভোমরা, মোংলা এবং যশোরের নওপাড়ায় নৌবন্দর রয়েছে। চারটি স্থলবন্দরের আমদানি রপ্তানির পণ্য পরিবহন হয় সড়কটি দিয়ে। যাত্রীবাহী পরিবহন রয়েছে অগণিত।

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক : ডোমরা স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন এবং দক্ষিণাঞ্চলের পণ্য এবং মানুষ পরিবহনের একমাত্র মাধ্যম খুলনা-সাতক্ষীরা মহাসড়ক। জনগুরুত্ব বিবেচনায় ২০২০ সালে সড়কটি ১৬ ফুট থেকে ৩৬ ফুটে প্রশস্ত করে পুনর্নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ১৬০ কোটি টাকা। কিন্তু উদ্বোধনের আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। তখন কোনোরকম জোড়া তালি দিয়ে সড়কটি উদ্বোধন করা হয়। কিন্তু বছর যেতে না যেতেই সড়কের বিভিন্ন অংশে আঁকাবাঁকা ঢেউয়ের সৃষ্টি হয়। কোথাও উঁচু ডিবির মতো হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সংস্কার না করায় কয়েকবছরের মধ্যে দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়ে দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কটি। অবশেষে কংক্রিটের ঢালাই দিয়ে সড়কটি টিকিয়ে রাখার উদ্যোগ নেয় সড়ক বিভাগ। তবে নির্মাণের আগেই সড়ক নষ্ট হওয়ার পেছনে দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দৈর্ঘ্য ৬৪ কিলোমিটার। সড়কের খুলনা অংশে রয়েছে ৩৩ কিলোমিটার। জিরো পয়েন্ট থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ নগর রেলস্টেশন এলাকা এবং চুকনগর বাজার ও ১৮ মাইলের দিকে যেতে কিছু অংশে ভয়াবহ অবস্থা ছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুই দশমিক ৩০০ কিলোমিটার এলাকা ১৮ ইঞ্চি ঢালাই দেয়া হয়েছে। এরমধ্যে জিরো পয়েন্ট থেকে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের বিভিন্ন অংশে এক হাজার ১৫০ মিটার এবং চুকনগর বাজার এলাকায় এক হাজার ২০০ মিটার ঢালায়ের কাজ সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী এ কাজে ব্যয় হবে ২৪ কোটি ৯২ লাখ টাকা। সড়কটিতে এখনো বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলমান রয়েছে।

খুলনা সড়ক ও জনপদ বিভাগ (সওজ)’র নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক খুলনা গেজেটকে বলেন, গত বছরের এপ্রিলে যশোর-খুলনা-মংলা সড়ক ৬ লেনে উন্নীতকরণের জমি অধিগ্রহণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। একই সাথে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পুনর্নির্মাণে রিজিভ পেভমেন্টে জন্য ৯০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প (ডিপিপি) মন্ত্রণালয়ে পাঠিয়েছি।

একই সাথে ৬টি জেলা সড়ক ১২ ফিট থেকে ১৮ ফিটে উন্নীতকরণের জন্য বড় পাঁচটি প্রকল্প মিলে মোট আড়াই হাজার কোটি টাকার প্রস্তাবনা মন্ত্রণালয় পাঠানো হয়েছে। এরমধ্যে আফিলগেট থেকে জোড়াগেট পর্যন্ত শহরের মধ্যের সড়কগুলো পুরোটাই ৪ লেন করার প্রস্তাবনা, তেরখাদা থেকে মোল্লারহাট সড়ক, ফুলতলা টু শাহাপুর মিকসিমিল, দিঘলিয়ার নরঘাট থেকে আড়ুয়া টু তেরখাদা সড়ক এরকম পাঁচ-ছয়টা রাস্তা নিয়ে উন্নয়ন প্রকল্প (ডিপিপি) বানিয়েছি। ন্যাশনাল হাইওয়ে থেকে ফুলতলায় যে-সব বাজার আছে। বাজারের এরিয়াগুলো রিজিভ পেভমেন্টের মাধ্যমে চার লেনে করতে চাচ্ছি।

ভাটিয়াপাড়া-খুলনা মহাসড়ক : ভাটিয়াপাড়া-খুলনা মহাসড়কে দিন দিন বেপরোয়া গতি ও অপ্রশস্ত রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাথে দেশের সব প্রান্তের যোগাযোগের এই গুরুত্বপূর্ণ রুটটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে।

ফকিরহাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারীম বলেন, মোল্লাহাট থেকে ফকিরহাট পর্যন্ত হাইওয়ে রোডে প্রতিনিয়ত দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এই ভয়াবহতা থেকে রক্ষা পেতে আমাদের প্রথম ও প্রধান দাবি হলো—সড়কটিকে দ্রুত চার লেন কিংবা ৬ লেনে উন্নীত করা।

অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ আনোয়ারা বেগম বলেন, এ মহাসড়ক নিয়ে এর আগেও একাধিকবার মানববন্ধনসহ অনেক প্রতিবাদ হয়েছে। আমরা চাই অবিলম্বে মহাসড়কটি ৬ লেনে উন্নতকরণ করা হোক। ট্রাকচালক বদিয়ার শেখ জানান, এই সড়ক দিয়ে দূরপাল্লার হাজার হাজার গাড়ি প্রতিদিন চলাচল করে। আমরাও নিয়মিত এই রাস্তা ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য আনা-নেওয়া করি। কিন্তু রাস্তাটি এক লেনের হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে।

 

খুলনা গেজেট/এনএম

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original