Sunday, November 22, 2026 Khulna, Bangladesh
21°C Clear sky
Latest
Business

আকভানের তাণ্ডবে দুবলার শুঁটকি পল্লীতে কোটি টাকার ক্ষতি, ১০ হাজার জেলের খালে আশ্রয়

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর তাণ্ডবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও টানা বর্ষণ লন্ডভন্ড করে দিয়েছে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম। চার দিনের অবিরাম বৃষ্টিতে চাতাল ও মাচায় শুকাতে দেওয়া বিপুল পরিমাণ মাছ […]

Read on Khulna Gazette Link copied
আকভানের তাণ্ডবে দুবলার শুঁটকি পল্লীতে কোটি টাকার ক্ষতি, ১০ হাজার জেলের খালে আশ্রয়
Photo: Khulna Gazette

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর তাণ্ডবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও টানা বর্ষণ লন্ডভন্ড করে দিয়েছে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম। চার দিনের অবিরাম বৃষ্টিতে চাতাল ও মাচায় শুকাতে দেওয়া বিপুল পরিমাণ মাছ পচে-ভিজে নষ্ট হয়ে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি উত্তাল সাগর ও দমকা হাওয়ার কারণে মাছ শিকার বন্ধ রেখে সুন্দরবনের বিভিন্ন খালের নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিয়েছেন চারটি চরের প্রায় ১০ হাজার জেলে। মৎস্যজীবী প্রতিনিধি ও বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে এ তথ্য জানা গেছে।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ জানান, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’ সক্রিয় হওয়ার পর থেকে গত চার দিন ধরে উপকূল ও সাগর জুড়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণে চাতালে শুকানোর জন্য ছড়িয়ে রাখা মাছ নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন তিনি। এর সঙ্গে যুক্ত হয়েছে সাগরে নামতে না পারার বাড়তি লোকসান, বৈরী আবহাওয়া দীর্ঘায়িত হলে প্রতিদিনই ক্ষতির পাল্লা ভারী হচ্ছে, যা সামাল দেওয়া জেলেদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

তিনি জানান, দুবলার আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝের কেল্লা—এই চারটি মৌসুমি শুঁটকি পল্লীর জেলেরা নিজেদের নৌকা ও ট্রলার নিয়ে কাছাকাছি সুন্দরবনের খালগুলোতে অবস্থান নিয়েছেন।

আলোরকোল শুঁটকি পল্লীর রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, গত বুধবার থেকেই সাগর উত্তাল হয়ে ওঠায় জেলেরা মাছ ধরার কাজে নামতে পারছেন না। একদিকে কাঁচা মাছের জোগান বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে টানা চার দিনের বৃষ্টিতে মাচায় রাখা বিপুল পরিমাণ কাঁচা মাছ নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে কয়েক কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে সংশ্লিষ্টদের।

নারিকেলবাড়িয়া চরের শুঁটকি মহাজন আসলাম হোসেন এবং শেলারচরের মহাজন আরিফ হোসেন মিঠু বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের অবস্থা বিপজ্জনক হওয়ায় জেলেরা ফিরতে বাধ্য হয়েছেন বা সাগরে যেতে পারছেন না। অবিরাম বর্ষণের কারণে চাতালে রাখা মাছ ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি কিছু মাছ ভেসেও গেছে। ফলে জেলেদের পাশাপাশি মহাজন ও শুঁটকি ব্যবসায়ীরাও বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে এবং বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত দুবলার চরাঞ্চলেও ব্যাপক প্রভাব ফেলেছে, যাতে মাচায় শুকাতে দেওয়া মাছ নষ্ট হয়েছে। বুধবার থেকে ১০ হাজারেরও বেশি জেলে মাছ ধরা স্থগিত রেখে সুন্দরবনের বিভিন্ন খালে নৌকা ও ট্রলার নিয়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন।

খুলনা গেজেট/এএজে

Original report

Continue reading at Khulna Gazette

This story was collected by Khulna Info and links back to the original publisher.

Open original